২০ রোজার মধ্যে উৎসব ভাতা পাবেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পোশাকশিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয় কোর কমিটির বৈঠক শেষে এমন আশ্বাস দেন বিজিএমইএর সহসভাপতি

২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকেরা ঈদ বোনাস বা উৎসব ভাতা পাবেন বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির।

রাজধানীর কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত তৈরি পোশাকশিল্পের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট-সংক্রান্ত কোর কমিটি’র ৩৩তম সভা শেষে প্রথম আলোকে এ কথা বলেন বিজিএমইএর এই সহসভাপতি।

কয়েক বছর ধরে এই কমিটির সভায় শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হলেও এবার তা করা হয়নি। ঈদের আগে ক্রাইসিস ম্যানেজমেন্ট-সংক্রান্ত কোর কমিটির সভায় সাধারণত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বেশি আলোচনা হয়। তবে গতকালের সভায় উপস্থিত শ্রমিকনেতারা পোশাকশিল্পে নিবন্ধনবিহীন ফেডারেশন ও তাদের কার্যক্রমের সমালোচনায় বেশি সরব ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস প্রমুখ।

সভায় শ্রমিকনেতা লীমা ফেরদৌস বলেন, অনেক পোশাক কারখানার মালিক এমন সময় ঈদের বেতন-ভাতা দেন যে, পোশাকশ্রমিকেরা না পারেন ঈদের জামা কিনতে, না পারেন বাসের টিকিট কাটতে। তাই তিনি পোশাকশ্রমিকদের ১৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া ওভারটাইম এবং ঈদের ছুটির আগেই জুন মাসের ২০ দিনের বেতন পরিশোধ করার দাবি জানান।

এ বিষয়ে মোহাম্মদ নাছির সভায় বলেন, পোশাকশিল্পের অবস্থা খুবই নাজুক। ‘গত ১০ বছরে আমাদের গড় প্রবৃদ্ধি ১৩ শতাংশ হলেও গত ১০ মাসে তা হয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশ। ফলে আমরা এখন কঠিন সময় পার করছি। তারপরও শ্রমিকেরা যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে ব্যবস্থা আমরা নেব।’

বিজিএমইএর সহসভাপতি ঈদ বোনাস পরিশোধের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে বলেন, ‘আমরা চেষ্টা করব প্রতিটি কারখানা যেন উৎসব ভাতা পরিশোধ করে।’ আর জুন মাসের বেতনের বিষয়ে তিনি বলেন, ‘মালিক-শ্রমিকের সম্পর্কের ভিত্তিতে ১০-১৫ দিনের মজুরি আমাদের মালিকেরা পরিশোধ করবেন। সেই প্রতিশ্রুতি আমরা দিতে পারি।’

বৈঠক শেষে জানতে চাইলে বিজিএমইএর এই সহসভাপতি প্রথম আলোর এই প্রতিবেদককে বলেন, ‘২০ রোজার মধ্যেই শ্রমিকেরা বেতন ভাতা পেয়ে যাবেন। সেটি নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও বিজিএমইএতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। তদারকি করা হবে।’

সভায় বেতন-ভাতা পরিশোধের বিষয়ে জোরালো অবস্থান না নেওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সময়সীমা বেঁধে দিতে বলেছিলাম। কিন্তু প্রতিমন্ত্রী ও মালিকপক্ষ বিষয়টি আমলে নেননি।’ তিনি বলেন, ‘অনেক মালিক ঈদের আগে বিভিন্ন অজুহাতে শ্রমিকদের ঠকানোর চেষ্টা করেন। বেতন-ভাতা পরিশোধে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় এবার সেটি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।’

গতকালের সভায় শ্রমিকনেতারা নিবন্ধনবিহীন ফেডারেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, নিবন্ধনবিহীন ফেডারেশনগুলো নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছে না। সে জন্য শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। তাদের জন্যই অন্য শ্রমিক সংগঠনকে বিব্রত হতে হয়।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, যেসব শ্রমিক ফেডারেশন নিবন্ধিত নয়, তাদের তালিকা করা হবে। তারপর তাদের চিঠি দিয়ে বলা হবে, শ্রম আইন অনুযায়ী অনিবন্ধিত সংগঠন শ্রমিক অধিকার নিয়ে কাজ করাটা নিয়মের বাইরে। এ ছাড়া যেসব এনজিও শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে, তাদের অনুমতি ও সক্ষমতা আছে কি না, সেটিও খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।