২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকদের ঈদ বোনাস দাবি
পোশাক কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে দেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
একই সঙ্গে ঈদের আগে শ্রম-অসন্তোষ এড়াতে অবিলম্বে সব কারখানার মালিক-শ্রমিকদের বৈঠকের অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, সব সরকারি-বেসরকারি অফিস ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ঈদ বোনাস পেতে শুরু করেছেন। কিন্তু পোশাকশিল্পের শ্রমিকদের ঈদ বোনাস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিবছরই অনেক পোশাকশ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত হন। কোনো কোনো মালিক ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধ না করে গোপনে কারখানায় তালা ঝুলিয়ে দেন।
বক্তারা আরও বলেন, প্রতিবছরই ঈদের আগে বিভিন্ন কারখানায় ও পোশাকশিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা যায়। অনেক সময় তা বড় আকার ধারণ করে। এ বছরও কিছু কিছু এলাকায় এ ধরনের অবস্থা শুরু হয়েছে। ঈদ বোনাস ও বেতন ভাতা কবে দেওয়া হবে, ছুটি কয় দিন ও কবে শুরু—এ ধরনের প্রশ্নের পরিষ্কার উত্তর না থাকায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে। এ ছাড়া মধ্যম সারির কর্মকর্তারা ইচ্ছামাফিক বক্তব্য দেন। এসব কারণে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কর্মসূচিতে সংগঠনটির নেতারা ও পোশাকশ্রমিকেরা অংশ নেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, ফারুক খান, আরিফা আক্তার, কবির হোসেন, নাসিমা আক্তার প্রমুখ।