চট্টগ্রামে শেষ হলো পোশাকশিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনী
২০ লাখ পিস তৈরি পোশাক রপ্তানির তাৎক্ষণিক আদেশ

চট্টগ্রামে পোশাকশিল্পের প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় প্রতিষ্ঠানগুলো ২০ লাখ পিস তৈরি পোশাক রপ্তানির অর্ডার বা আদেশ পেয়েছে। আবার বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশি উদ্যোক্তাদের কাছ থেকে পেয়েছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ৫৩৮ কোটি টাকার সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহের আদেশ।
প্রদর্শনীর আয়োজক বিজিএমইএ নেতাদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। নগরের র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড সেফটি এক্সপো’ শীর্ষক এ প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রদর্শনীতে উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল।
ঢাকায় গত ডিসেম্বরে আয়োজিত অ্যাপারেলস সামিটে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী শেষে বিজিএমইএ জানায়, বিদেশি কোম্পানিগুলো যে ৬ কোটি ৯০ লাখ ডলারের আদেশ পেয়েছে, তার মধ্যে দুই কোটি ডলারের পোশাকশিল্পের যন্ত্রপাতি, ১ কোটি ২০ লাখ ডলারের সোয়েটার কারখানার যন্ত্রপাতি, ২ কোটি ২০ লাখ ডলারের অগ্নিনির্বাপণ যন্ত্র এবং দেড় কোটি ডলারের সরঞ্জাম সরবরাহের কথা।
আর দেশি প্রতিষ্ঠানগুলো যে ২০ লাখ পিস শার্ট ও জ্যাকেটের রপ্তানি আদেশ পেয়েছে, তার সিংহভাগেরই ক্রেতা রাশিয়া। তবে এর মূল্যমান কত তা বলা হয়নি।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রদর্শনীর মাধ্যমে তৈরি পোশাকশিল্পের মালিকেরা এক ছাদের নিচে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ও সরঞ্জাম, অগ্নিনির্বাপণ যন্ত্র ইত্যাদি দেখার সুযোগ পেয়েছেন। আগ্রহও দেখিয়েছেন। মালিকদের সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ হয়েছে।’
নাসির উদ্দিন বলেন, ‘রাশিয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানি কম। তাই দেশটির কাছ থেকে পোশাক রপ্তানির আদেশ পাওয়া এই প্রদর্শনীর একটি ইতিবাচক দিক।’
প্রদর্শনীতে ৬৬টি স্টলে তৈরি পোশাক, পোশাকশিল্পের সরঞ্জাম ও যন্ত্রপাতি, অগ্নিনির্বাপণ যন্ত্র ও সেবা প্রদর্শন প্রদর্শিত হয়। এর মধ্যে তৈরি পোশাকের ১০টি, ফেব্রিকসের একটি, পোশাকশিল্পের সরঞ্জাম নিয়ে দুটি, যন্ত্রপাতির ১৯টি, অগ্নিনির্বাপণ যন্ত্রের ২৬টি ও সেবাদান প্রতিষ্ঠানের সাতটি স্টল ছিল। আর বিজিএমইএর ছিল একটি স্টল।
তৈরি পোশাক খাতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান জুকি বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী অমিত চৌধুরী বলেন, ‘পোশাকশিল্পের উদ্যোক্তারা এখন উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির দিকে ঝুঁকছেন।’ তবে দুই ঈদের মাঝে এই প্রদর্শনী না করে ডিসেম্বর বা জানুয়ারির দিকে হলে আরও ভালো হতো বলে মনে করেন তিনি।