২০ শতাংশ পর্যন্ত মজুরি বাড়াতে রাজি মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৯ বা ২০ শতাংশের বেশি বাড়াতে রাজি নন মালিকেরা। এই হিসাবে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দাঁড়াবে তিন হাজার ৫৭০ বা তিন হাজার ৬০০ টাকা। মালিকেরা এই পরিমাণ টাকা বাড়াবেন শুধু গত তিন বছরের মূল্যস্ফীতি সমন্বয়ের মাধ্যমে।

পোশাক কারখানার মালিকদের দাবি, গত কয়েক বছরে সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে ১২ শতাংশ। অন্যদিকে বিদেশি ক্রেতারা আগের চেয়ে কম দামে কার্যাদেশ দিচ্ছেন। আবার তাজরীন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দেশীয় ও আন্তর্জাতিক চাপে কারখানার কর্মপরিবেশ উন্নত করতে তাঁদের বহু টাকা খরচ করতে হচ্ছে।

বিজিএমইএ কার্যালয়ের নূরুল কাদের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় পোশাক কারখানার মালিকেরা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, মজুরি ২০ শতাংশের বেশি বাড়াতে হলে অনেক মালিকই টিকে থাকতে পারবেন না।

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। বৈঠক শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা চূড়ান্ত কিছু নয়। আমরা মালিকদের কথা শুনলাম। আরও আলাপ-আলোচনা হবে। বিকেএমইএর সঙ্গে বৈঠক করব। তারপর মজুরি বোর্ডে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।’

গত জুনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়। গত ১৮ আগস্ট বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়। এর মধ্যে মাসিক মূল মজুরি ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৪, বাড়িভাড়া এক হাজার ৭৮০ (মূল মজুরির ৩০ শতাংশ) ও মাসিক চিকিৎসা ভাতা ৪০০ টাকা। এ ছাড়া যাতায়াত, হাজিরা ও খাদ্য ভাতা নিম্নতম মজুরির অতিরিক্ত হিসেবে দিতে হবে।

২ সেপ্টেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষের পাল্টা প্রস্তাব দেওয়ার কথা থাকলেও লিখিত আবেদন করে বিজিএমইএ দুই সপ্তাহের সময় চায়। বোর্ড সদস্যদের সম্মতিক্রমে চেয়ারম্যান এ কে রায় বিজিএমইএকে সময় দেন। সমিতিকে ১৭ সেপ্টেম্বর পরবর্তী সভায় প্রস্তাব দিতে বলা হয়।

বিজিএমইএর গতকালের মতবিনিময় সভায় সর্বনিম্ন মজুরি ছাড়াও শ্রমিকদের তথ্যভান্ডার, কারখানা ভবন পরীক্ষা-নিরীক্ষা, সমিতির নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সাংসদ টিপু মুন্সী, সাংসদ ফজলুল আজিম, আনোয়ার-উল-আলম চৌধুরী, আনিসুল হক, আব্দুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম, বর্তমান সহসভাপতি এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম প্রমুখ। মজুরি বোর্ডের সদস্য ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল মজুরিসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

আরশাদ জামাল বলেন, ‘রানা প্লাজা ধসের পর দেশের পোশাক খাতের ভাবমূর্তি সংকটে পড়েছে। এই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে, রাজনৈতিক কারণে কিংবা আন্তর্জাতিক চাপে পড়ে মজুরি নির্ধারণ করা ঠিক হবে না। তা ছাড়া মজুরি নিয়ে বাড়াবাড়ি কিছু হলে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব।’

আরশাদ জামাল বলেন, পোশাকশ্রমিকদের মজুরির বর্তমান কাঠামোতে মোট সাতটি গ্রেড আছে। আন্তর্জাতিক মহলে প্রায় বলা হয়, বাংলাদেশে সর্বনিম্ন মজুরি দেওয়া হয়। এটি সত্য নয়। জরিপে দেখা গেছে, বেশির ভাগ পোশাক কারখানায় শ্রমিকেরা সর্বনিম্ন মজুরির চেয়ে বেশি বেতন পান। ২ নম্বর গ্রেডের শ্রমিকেরা ৯১ শতাংশ ও ৩ নম্বর গ্রেডের শ্রমিকেরা ১১১ শতাংশের বেশি মজুরি পান।

ফেলকন গ্রুপের মালিক মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এমনিতে ঘাটতিতে আছি। অনেকেই লোকসান করছেন। ১৯ শতাংশের বেশি বাড়ানোর কোনো যুক্তি নেই।’ মোজাফফর নামের এক কারখানার মালিক বলেন, মজুরি নির্ধারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর সক্ষমতা বিবেচনায় নিতে হবে। কারণ, এসব কারখানাই পোশাকশিল্পের মেরুদণ্ড।

আরেক উদ্যোক্তা মিনহাজ বলেন, ‘বিদেশি ক্রেতারা প্রতিদিনই পোশাকের তৈরির দাম কমিয়ে দিচ্ছেন। কিন্তু খরচ প্রতিদিনই বাড়ছে। কারখানার মালিক শাখাওয়াত বলেন, বিদেশি ক্রেতারা নৈতিক মানদণ্ড অনুযায়ী কারখানা চালাতে চাপ দিচ্ছেন। কিন্তু তাঁরা পোশাক তৈরিতে নৈতিক দাম দিতে চান না। আমরা চাবি নিয়ে প্রস্তুত আছি যেকোনো সময় কারখানা বন্ধ করে বিজিএমইএর কাছে জমা দিয়ে যাব।’

সাইফুল নামের এক উদ্যোক্তা বলেন, ‘পোশাকমালিকদের সমালোচনা করা বুদ্ধিজীবীরা কাজের বুয়াদের কত টাকা বেতন দেন? তাঁদের স্ট্যাটাসই বা কী? কাজের বুয়া। আমরা মালিকেরা তো তাঁদের চাকরি দিয়েছি। সম্মান দিয়েছি। তাঁরা এখন দশটা-পাঁচটা অফিস করেন।’

কারখানার মালিক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, পোশাকশিল্প ও শ্রমিকদের মজুরি নির্ধারণে চা, প্লাস্টিকের মতো অন্যান্য শিল্পের শ্রমিকেরা কত বেতন পান, সেটি বিবেচনায় নিতে হবে।

সাবেক সভাপতি সফিউল ইসলাম জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রায়ই বলেন, বাংলাদেশের শ্রমিকদের রক্তমাখা শার্ট আমেরিকা কিনবে না। কিন্তু সেই দেশের বিখ্যাত ওয়ালমার্টই কিন্তু প্রতিদিনই দাম কমানোর স্লোগান দিচ্ছে। ফলে বাস্তবতা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা আন্তর্জাতিক ব্যবসা করি। ইসলামপুরে কাপড় পাঠাই না। কিন্তু আমাদেরকেই বেশি সমালোচনা সইতে হয়।’