২০ হাজার কোটি টাকার তহবিল চায় রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে আবাসন খাতের জন্য ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
তহবিলটির নাম ‘হাউজিং লোন’ এবং এর সুদহার সাত থেকে নয় শতাংশ করার প্রস্তাবও রেখেছে রিহ্যাব। ক্রেতারা যাতে ঋণ নিয়ে ঢাকার আশপাশে ১ হাজার ৫০০ বর্গফুট বা তার চেয়ে ছোট ফ্ল্যাট কিনতে পারেন সে জন্য সংগঠনটি এই তহবিল গঠনের দাবি জানিয়েছে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের নেতৃত্বে একটি দল এই দাবি জানায়।
এর বাইরেও রিহ্যাবের দাবি হচ্ছে—আয়কর অধ্যাদেশে ইনডেমনিটি বা দায়মুক্তি সংযোজন। অর্থাৎ, বিনা প্রশ্নে আবাসন খাতে কালো টাকা (বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ।
রিহ্যাব বলেছে, বর্তমানেও আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো প্রশ্নও করে না। কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গায়। তা ব্যাখ্যা করে রিহ্যাব সভাপতি অর্থমন্ত্রীকে জানান, ‘এনবিআর না তুললেও, দুর্ভাগ্যজনকভাবে সরকারের অন্য দপ্তরগুলো প্রশ্ন তোলে।’ কালো টাকা এই বাজেটে থাকবে, ভবিষ্যতে থাকবে না—এমন অবস্থারও অবসান চায় রিহ্যাব। শামসুল আলামিন বলেন, ‘এ রকম হলে আমরা ক্রেতাদের আস্থায় আনতে পারি না।’
তবে অর্থমন্ত্রী রিহ্যাবের সব দাবির কথা শুনলেও কোনো মন্তব্য করেননি।
এদিকে আলাদা বৈঠকে সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দেশীয় টাইলস উৎপাদনে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায়। তৈজসপত্র, টাইলস ও স্যানিটারিওয়্যার রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তারও দাবি জানায় এ সমিতিটি।
আসবাবপত্র খাতকে বর্তমানে ডিউটি ড্র ব্যাক ও শুল্ক বন্ড সুবিধা দেয় সরকার। এগুলোর পরিবর্তে ২০ শতাংশ নগদ সহায়তা চায় আসবাবপত্র রপ্তানিকারক সমিতি। তাদের দাবি হচ্ছে—সরকারের একটু নীতি-সহায়তা পেলে তৈরি পোশাকের পর আসবাবপত্রই হয়ে উঠবে আরেকটি বড় রপ্তানি খাত।
গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, আর্থিক মন্দার হাত থেকে পোশাকসহ কিছু রপ্তানি খাতকে প্রণোদনা দেওয়া হলেও তারা কখনোই তা পায়নি।
সংগঠন তিনটির দাবি ও প্রস্তাব শুনে অর্থমন্ত্রী বলেন, ‘নগদ সহায়তা নিয়ে সিদ্ধান্ত আসবে বাজেটের পর।’