
গৃহঋণের জন্য ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনে আবারও সরকারের কাছে দাবি জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। নিম্ন ও মধ্য আয়ের মানুষ আবাসনের চাহিদা পূরণে যাতে তহবিল থেকে এক অঙ্কের সুদহারে ঋণ নিতে পারে, সে জন্যই রিহ্যাব এ দাবি জানিয়েছে।
পাঁচ দিনব্যাপী আবাসন মেলাকে সামনে রেখে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা এ তহবিল গঠনের দাবি জানান। তাঁরা মনে করেন, তহবিলটি গঠিত হলে আবাসন খাতে গতি আসবে। এদিকে কয়েক বছর ধরে রিহ্যাবের পক্ষ থেকে তহবিল গঠনের দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। এবারের মেলায় মোট ১৭৫টি স্টল থাকবে। এর মধ্যে ৩০টি নির্মাণসামগ্রী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে। বুধবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আবাসন খাতে স্থবিরতার অন্যতম কারণ ফ্ল্যাট ও প্লটের অত্যধিক নিবন্ধন ফি। তাই এ ফি অর্ধেক কমিয়ে ৬ থেকে ৭ শতাংশ করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে হলেও বেলা ১১টা থেকে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। অন্য দিনগুলো মেলার পর্দা উঠবে সকাল ১০টায়। প্রতিদিনই রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় প্রবেশের জন্য থাকছে দুই ধরনের টিকিট। একবার প্রবেশের জন্য ৫০ টাকা আর পাঁচবার প্রবেশের জন্য ‘মাল্টিপল’ টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রবেশ টিকিটে প্রতিদিন থাকবে র্যাফল ড্র।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন কোনো প্রকল্প প্রদর্শন করতে পারবে না। কেউ করার চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেওয়া হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিহ্যাব যৌথভাবে এ বিষয়টি তদারকি করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের পরিচালক কামাল মাহমুদ, এস এম জাহিদুর রহমান প্রমুখ।