২০ হাজার গ্রাহক হিসাবের অর্থ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০ হাজার গ্রাহকের হিসাব থেকে অর্থ চুরি যাওয়ায় ডেবিট কার্ডভিত্তিক অনলাইন ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের টেসকো ব্যাংক। গত সপ্তাহে টেসকো ব্যাংকের ৪০ হাজার হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি আলোচনায় আসার পর অর্থ চুরির এ ঘটনা জানা গেল।
ব্যাংকটি গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, তাদের কিছু হিসাবে অনলাইন অপরাধীরা আক্রমণ করেছে। কয়েকটি হিসাব থেকে প্রতারণার মাধ্যমে অর্থ তুলে নেওয়ার ঘটনাও ঘটছে। অনলাইন লেনদেন বন্ধ হলেও গ্রাহকেরা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা, চিপ ও পিনভিত্তিক অর্থ পরিশোধ, বিল পরিশোধের মতো সেবা নিতে পারবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
টেসকো ব্যাংকের প্রধান নির্বাহী বেনি হিগিনস বিবিসিকে বলেন, গ্রাহকের চুরি যাওয়া অর্থ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এমন ঘটনার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
ব্যাংকটির গ্রাহকেরা কিছুদিন ধরেই তাঁদের অজান্তে হিসাব থেকে অর্থ তুলে নেওয়া, কার্ড ব্লক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার মতো অভিযোগ করে আসছিলেন। গ্রাহক অভিযোগের বিষয়ে বেনি হিগিনস বলেন, আর্থিক ক্ষতির দায়ভার পুরোপুরি ব্যাংক বহন করবে।
টেসকো ব্যাংকের ৭০ লাখের বেশি হিসাব রয়েছে। ব্যাংকটিতে কর্মরত আছেন চার হাজার লোক।