২০০ উদ্যোক্তার উন্নয়নে ঢাকা চেম্বারের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার প্রায় ২০০ ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নের উদ্যোগ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। চেম্বারের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডিসিসিআই ফাউন্ডেশন এ জন্য দিয়েছে ২০ লাখ টাকা। পুরো কাজটি বাস্তবায়ন করবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
ঢাকা চেম্বারের ৫৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গত বুধবার রাতে সেলিব্রিটিং বিজনেস অনুষ্ঠানের আয়োজন করে ডিসিসিআই। এতে পুরান ঢাকার ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নের ওই ঘোষণা দেন ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ। ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি ২০ লাখ টাকার একটি চেক সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিমের হাতে তুলে দেন।
চেম্বারের এই আয়োজন শুরু থেকেই সাবেক ও বর্তমান সদস্য ব্যবসায়ীদের মিলনমেলায় রূপ নেয়। প্রধান অতিথি ছিলেন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের একপর্যায়ে ঢাকার ৪০০ বছরের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস নিয়ে ঢাকার বাণিজ্যিক ইতিহাস বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন দেলোয়ার হোসেন। ঢাকা চেম্বার ২০০৮ সালে বইটির ইংরেজি সংস্করণ প্রকাশ করেছিল।
ঢাকা চেম্বারের ৫৮ বছর পূর্তি উপলক্ষে দেশের আর্থসামাজিক খাতে বিশেষ অবদান রেখেছেন এমন চারজন ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন আমার দেশ আমার পণ্যের প্রতিষ্ঠাতা সাদেকা রহমান সেঁজুতি, পর্বত আরোহী ওয়াসফিয়া নাজরীন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হাফিজ জে এ সিদ্দিকী। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে অবদানের জন্য প্রাণ–আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আমজাদ খান চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। তাঁর পক্ষে প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ক্রেস্ট গ্রহণ করেন। পরে ঢাকা চেম্বারের কার্যক্রম পরিচালনায় অবদানের জন্য ১১ জন সাবেক সভাপতিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি একসময় ঢাকা চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাপনী বক্তব্য দেন সহসভাপতি শোয়েব চৌধুরী।