২০০ কোটি টাকার ব্যবসার ব্যস্ততা কাগজের শপিং ব্যাগে
বিপণিবিতান থেকে করপোরেট প্রতিষ্ঠানে সারা বছরই কাগজের শপিং ব্যাগের প্রয়োজন হয়। তবে ঈদ সামনে রেখে এই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ফলে কাগজের শপিং ব্যাগের ব্যবসা কয়েক বছরের ব্যবধানে একটি স্বতন্ত্র অবস্থান করে নিয়েছে।আসন্ন ঈদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিপণিবিতানগুলোয় কেনাকাটা ধীরে ধীরে জমে উঠেছে। একই সঙ্গে কাগজের শপিং ব্যাগের ব্যবসা এখন জমজমাট। চাহিদা মেটাতে কারখানাগুলোয় রাত-দিন কাজ করছেন শ্রমিকেরা।সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা জানান, সারা বছর এ খাতে অন্তত ৫০০ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে রোজার ঈদের বাজারেই প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা হয়। আর বাংলা নববর্ষের বা পয়লা বৈশাখের আগেও ভালো ব্যবসা হয় বলে জানান তাঁরা।পুরান ঢাকার আওলাদ হোসেন লেন ও জিন্দাবাহার এলাকা ঘুরে গত সোমবার দেখা যায়, ছোট পরিসরে সারি সারি ব্যাগ তৈরির দোকান গড়ে ওঠেছে। ঈদ উপলক্ষে এখন ভীষণ ব্যস্ততা। দিন-রাত বিরামহীন কাজ চলছে। একদিকে মেশিনে ছাপা হচ্ছে আর অন্যদিকে আঠা আর ফিতা লাগানোর কাজ করছেন শ্রমিকেরা।ব্যবসায়ীরা জানান, সরকারিভাবে পলিথিন নিষিদ্ধ হওয়ার পর থেকেই মূলত কাগজের ব্যাগের চাহিদা বাড়তে থাকে। আগে যাঁরা পলিথিনের শপিং ব্যাগ তৈরি করতেন, তাঁরাই প্রথম কাগজের ব্যাগের ব্যবসায় আসেন। সময়ের ব্যবধানে যুক্ত হন আরও অনেকে। বর্তমানে পুরান ঢাকার নয়াবাজারেই সাড়ে ৩০০ থেকে ৪০০ প্রতিষ্ঠান এই ব্যাগ তৈরির কাজ করে চলেছে। এ ছাড়া আরামবাগ ও কাঁটাবন এলাকায় আছে বেশ কিছু প্রতিষ্ঠান।আওলাদ হোসেন লেনের কাউসার প্রিন্টার্সের স্বত্বাধিকারী আবদুল কুদ্দুস প্রায় ২৫ বছর ধরে এ খাতের সঙ্গে যুক্ত। আগে সরবরাহকারী হিসেবে কাজ করলেও সম্প্রতি নিজেই কারখানা খুলেছেন। তাঁর কারখানায় নয়জন কর্মচারী কাজ করেন।আবদুল কুদ্দুস জানান, একজন শ্রমিক দৈনিক ৬০০ থেকে ৭০০ শপিং ব্যাগ তৈরি করতে পারেন। আর খাম বা ইনভেলাপ তৈরি করতে পারেন ছয় থেকে সাত হাজার পিস। শ্রমিকদের ব্যাগপ্রতি ২৫ পয়সা আর প্রতি হাজার খামে ২৫ টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে জানান তিনি।তিনি জানান, সারা বছর মোটামুটি থাকলেও ঈদের আগের দুই মাস ভীষণ চাপ থাকে। এ সময় অতিরিক্ত কর্মচারী নিয়োগ করে ক্রেতাদের চাহিদা মেটাতে হয়।খোঁজ নিয়ে জানা যায়, ১১ পয়সা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত প্রতিটি ইনভেলাপ বিক্রি হয়। অন্যদিকে, দেড় টাকা থেকে শুরু করে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত হয়ে থাকে কাগজের ব্যাগ। তবে কাগজের মান ও রঙের ব্যবহারের কারণেই কাগজের ব্যাগের মূল্যের হেরফের হয়ে থাকে।রহিম কম্পিউটার অ্যান্ড ইনভেলাপসের কর্মচারী পদে কাজ করেন মো আবুল হোসেন। তিনি জানান, ঈদের জন্য কাজের চাপ অনেক। দিন-রাত কাজ করতে হচ্ছে। প্রতিদিন এক হাজার পিস ব্যাগ তৈরি করতে পারেন বলে জানান তিনি।১৯৯৩ সালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রতিষ্ঠিত হয় ডুয়েট অ্যাড। এর পর থেকেই অন্যান্য পণ্যের সঙ্গে কাগজের শপিং ব্যাগ তৈরি করে আসছেন তাঁরা। বিপণিবিতানের পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্যও ব্যাগ তৈরি করে থাকে প্রতিষ্ঠটি।ডুয়েট অ্যাডের স্বত্বাধিকারী কমল পাল জানান, আগে সাধারণ মানের ব্যাগ তৈরি হতো। তবে ২০০০ সালের পর থেকে বিভিন্ন বুটিক হাউসের প্রসার বাড়তে থাকলে শপিং ব্যাগেও নান্দনিকতার ছোঁয়া লাগতে শুরু করে। এখন এটি ফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।কমল পাল জানান, সাধারণত প্রতি মাসে তিন থেকে চার হাজার পিস ব্যাগ তৈরির কার্যাদেশ আসে। তবে ঈদের সময় চাহিদা বাড়ে। এ বছর এখন পর্যন্ত ১০ থেকে ১২ হাজার শপিং ব্যাগ তৈরি করেছে তাঁর প্রতিষ্ঠানটি।২০০৫ সালে প্রতিষ্ঠিত বুটিক হাউস ‘দেশাল’ নিজেদের প্রতিষ্ঠানের জন্য ফেলে দেওয়া কাগজ অর্থাৎ খবরের কাগজ দিয়ে ভিন্ন আঙ্গিকে ব্যাগ তৈরি শুরু করে। অবশ্য এর আগে থেকেই বুটিক হাউস ‘যাত্রা’ এ ধরনের ব্যাগ ব্যবহার করে আসছিল। দেশাল এখন আরেকটু ভিন্নতা এনেছে। ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরের দিন পত্রিকায় যেসব সংবাদ পরিবেশিত হয়, তার কাটিং দিয়ে তৈরি করা ব্যাগে ক্রেতাদের পণ্য সরবরাহ করছে দেশাল। চাহিদা মেটাতে প্রতিবছর প্রায় দেড় লাখ পিস কাগজের ব্যাগ তৈরি করতে হয়।এ বিষয়ে দেশালের কর্ণধারদের একজন কনক আদিত্য বলেন, ‘শপিং ব্যাগ তো ফ্যাশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তা ছাড়া বুটিক হাউসগুলো শুরু থেকেই দেশীয় কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে তারা পরিবেশ নিয়ে বেশ সচেতন। আমাদের ক্ষেত্রেও এটি ব্যতয় ঘটেনি।’কনক আদিত্য জানান, অনেক আগে থেকেই পাটের ব্যাগ ব্যবহার হতো। তারপর হঠাৎ পলিথিন আসে। দামে সস্তা হওয়ায় সহজে জনপ্রিয় হয় এটি। কিন্তু সৌভাগ্যের বিষয়, পাট না হলেও কাগজের ব্যাগ বেশ জোরালোভাবে ফিরে এসেছে।