২০০ কোটির নিচে ডিএসইর লেনদেন
অব্যাহতভাবে লেনদেন কমছে দেশের শেয়ারবাজারে। গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন কমে গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ ২০০ কোটির নিচে নেমে এসেছে। লেনদেন কমার পাশাপাশি দুই বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে ।
ডিএসইতে ১৯৬ কোটি টাকার লেনদেন
ডিএসইতে আজ ১৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গতকালের মতো আজ ডিএসইর লেনদেন সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এর আগে গত বছরের ২২ অক্টোবর ডিএসইতে ১৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এ দিকে ডিএসইতে আজ সামান্য সূচক কমেছে। লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৬৩ দশমিক ৪৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে কমে যায় ১০ পয়েন্ট। এরপর সূচক কমার হার কমলেও শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে হা ওয়েল টেক্সটাইল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে হা ওয়েল টেক্সটাইল। আজ এ প্রতিষ্ঠানের আট কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, ইস্টার্ন হাউজিং, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যাকটিভ ফাইন, মতিন স্পিনিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৬ পয়েন্টে।
সিএসইতে আজ ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।