২০০০ বিনিয়োগকারীর জন্য ৬৬ কোটি টাকার ঋণ মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর সুদ মওকুফের সুবিধা বাস্তবায়নে ৬৬ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে এই অর্থ মঞ্জুর করা হয়। তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সাতটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ঋণ আবেদন মঞ্জুর করা হয়েছে। দুই হাজার ১৩১ জন বিনিয়োগকারীর সুদ মওকুফের সুবিধা কার্যকর করতে প্রতিষ্ঠানগুলো এই ঋণ আবেদন করে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় সরকার ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে। এরই মধ্যে তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
আইসিবি জানিয়েছে, ৯০০ কোটি টাকার তহবিল থেকে স্বল্প সুদে সহায়তা নিতে এ পর্যন্ত ৩৪টি প্রতিষ্ঠান ৩৪০ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেছে। ১৮টি মার্চেন্ট ব্যাংক ও ১৬টি ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে এই ঋণ আবেদন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোট ১২ হাজার ৩৯৫ জন বিনিয়োগকারীর সুদ মওকুফে এই আবেদন করেছে প্রতিষ্ঠানগুলো।
জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে ঋণ আবেদনের বড় অংশ মঞ্জুরের জন্য মঞ্জুরি কমিটির সভায় উপস্থাপন করা হবে।
এদিকে যে সাতটি প্রতিষ্ঠানের বিপরীতে এরই মধ্যে ৬৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, তার মধ্যে রয়েছে চারটি মার্চেন্ট ব্যাংক ও তিনটি ব্রোকারেজ হাউস। আইসিবির তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকেই সর্বোচ্চসংখ্যক ঋণ আবেদন জমা পড়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা ঋণ প্রাপ্তির আবেদন করতে পারবে।
এর আগে গত আগস্ট মাসে সরকার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় ৯০০ কোটি টাকার তহবিল গঠন করে। ২৬ আগস্ট তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করা হয়।
নীতিমালা অনুযায়ী, তহবিলটির ঋণের সর্বোচ্চ সুদ নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ সুদে সরকারের কাছ থেকে তহবিলের অর্থ পাবে আইসিবি। পরে আইসিবি তা ৭ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে বিতরণ করবে। আর সব শেষে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো সর্বোচ্চ ৯ শতাংশ সুদে বিনিয়োগকারীদের এই সুবিধা দেবে।
বাজার পরিস্থিতি: সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এরমধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২০১ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১ পয়েন্টে।
দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে। দিনের শেষে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ছয় কোটি টাকা কম। সিএসইতে এদিন প্রায় ৩৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮ কোটি টাকা কম।