২০০৮ ও ২০০১-কে ভিত্তি ধরে নতুন সূচক চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কাল সোমবার নতুন সূচক চালু করা হচ্ছে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে। ডিএসই সূত্রে জানা গেছে, নতুন এই সূচক চালুর ক্ষেত্রে ২০০৮ ও ২০০১ সালকে ভিত্তি বছর ধরা হচ্ছে।ডিএসই সূত্র জানায়, নতুন সূচক চালুর ক্ষেত্রে ডিএসইর সাধারণ মূল্যসূচকের ২০০৮ সালের ১৭ জানুয়ারির অবস্থানকে ভিত্তি ধরে এর ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে ২০০১ সালের ২৪ নভেম্বরের ভিত্তিরও ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। ২০০১ সালের ২৪ নভেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক (জেনারেল ইনডেক্স) প্রবর্তন করা হয়। এ সময় জেড ক্যাটাগরির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ছাড়া বাকি সব শেয়ার ভিত্তি ধরে এ সূচক গণনা করা হয়েছিল। তবে নতুন এই সূচক গণনার ক্ষেত্রে শুধু লেনদেনযোগ্য শেয়ার (ফ্রি ফ্লট) হিসেবে রাখা হবে। এ ছাড়া যেসব শেয়ার লকইন রয়েছে, তা হিসাবে ধরা হবে না।এ দিকে ২০০৮ সালের ১৭ জানুয়ারি ডিএসই সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ২৯৫১ পয়েন্টে। আগামীকাল যে সূচক চালু করা হবে, তাতে ডিএসইর সাধারণ মূল্যসূচকের ওই অবস্থানকেও একটি ভিত্তি ধরা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ডিএসইর সাধারণ মূল্যসূচকের ২০০৮ সালের ১৭ জানুয়ারি ও ২০০১ সালের নভেম্বরের অবস্থানকে ভিত্তি ধরে তার ধারাবাহিকতায় নতুন সূচক গণনা করা হচ্ছে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি তাদের নিজস্ব মেথডলজি ব্যবহার করছে।’ তবে কত পয়েন্টকে ভিত্তি ধরে নতুন সূচক গণনা করা হচ্ছে, সে ব্যাপারে জানাননি তিনি।