ইউরোপের আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবে উন্নয়নশীল দেশগুলো যতটা আক্রান্ত হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকাসহ উন্নত দেশগুলো।আর্থিক বাজারের বিখ্যাত বিনিয়োগকারী ও দানবীর হিসেবে খ্যাত জর্জ সোরোস এ অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা (উন্নত বিশ্ব) ২০০৮ সালের চেয়েও বিপজ্জনক পরিস্থিতিতে আছি।’গত সোমবার ভারতের বেঙ্গালুরুর আজমি প্রেমজি বিশ্ববিদ্যালয়ে এক গণবক্তৃতায় সোরোস এসব কথা বলেন। হাঙ্গেরীয়-আমেরিকান সোরোস বলেন, ইউরোপের সার্বভৌম ঋণের সংকট আমেরিকার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। সোরোস এই বলে আশঙ্কা ব্যক্ত করেন, এবার উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি কমে যাবে। তবে উন্নত বিশ্বের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে পড়তে পারে। সোরোস আরও বলেন, যদি ইউরোপের বেশির ভাগ ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে, তাহলে বৈশ্বিক আর্থিক খাতে বিরাট বিপর্যয় নেমে আসবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ইউরোপের সংকটের সঙ্গে সেখানকার সার্বভৌম ঋণের অতিমাত্রায় ব্যবহারটি যুক্ত। আর ইউরোপে কোনো কেন্দ্রীয় ব্যাংক নেই যারা পরিস্থিতি সামাল দেবে।কোনো দেশ যখন রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আর্থিক বাজারে বন্ড ছেড়ে ঋণ নেয়, সেটাকে সার্বভৌম ঋণ বলা হয়। সূত্র: বিজনেস লাইন।