২০০৯ সালে সর্বোচ্চ পরিচালন মুনাফা জনতা ব্যাংকের
দেশে সরকারি ও বেসরকারি সব ব্যাংকের মধ্যে ২০০৯ সালে সর্বোচ্চ ৮৫৮ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড। একই বছরে এই ব্যাংকের খেলাপি ঋণ ২০০৮ সালের ১২ দশমিক ৩৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৬২৬ কোটি।চলতি ২০১০ সালে জনতা ব্যাংক এক হাজার ৫০ কোটি টাকা মুনাফা করবে বলে আশা করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয় এই সভা।সভায় ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।আবুল বারকাত বলেন, ‘আমরা জনতা ব্যাংককে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ব্যাংকটিকে লাভজনক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে দক্ষিণ এশিয়া কেন, জনতা ব্যাংক একসময় এশিয়ার শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে।’