ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র অর্থনীতিগুলোকে অগ্রাধিকার দিয়ে ঘোষণা আসছে
২০১টি তথ্যপ্রযুক্তিপণ্যে শুল্ক প্রত্যাহার হচ্ছে

আশা-নিরাশার দোলাচলের মধ্য দিয়ে শুরু হলেও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলন থেকে অবশেষে সুখবরই আসতে শুরু করেছে। সম্মেলনের তৃতীয় দিনে গতকাল বাণিজ্যমন্ত্রীরা ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র অর্থনীতিগুলোকে (এসভিই) অগ্রাধিকার দিয়ে একটি ঘোষণা দিতে সম্মত হয়েছেন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে চলমান এই সম্মেলনের দ্বিতীয় দিনে গত বুধবার আন্তর্জাতিক বাণিজ্যে ২০১টি তথ্যপ্রযুক্তি (আইটি) পণ্যের ওপর থেকে পর্যায়ক্রমে ট্যারিফ বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারে সম্মত হয়েছে ৫৩টি দেশ।
বর্তমানে এসব উন্নত ও উন্নয়নশীল দেশের দখলেই রয়েছে আইটি পণ্যের বিশ্ববাজারের প্রায় ৯০ শতাংশ। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইটি পণ্যের ওপর আরোপিত শুল্কের ৬৫ শতাংশই উঠে যাবে মাত্র মাস সাতেক পরে আগামী ২০১৬ সালের ১ জুলাই। বাকি ৩৫ শতাংশ শুল্ক পরবর্তী তিন বছরে চার দফায় তুলে নেওয়া হবে। অর্থাৎ ২০১৯ সাল নাগাদ ডব্লিউটিওর ১৬২ সদস্যদেশের সবাই কমবেশি আন্তর্জাতিক বাজার থেকে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় আইটি পণ্য আমদানি করতে পারবে।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, আলোচ্য ২০১টি পণ্য নিয়ে বিশ্বে যে বাণিজ্য হয় সেটির আর্থিক মূল্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ কোটিতে ১ ট্রিলিয়ন) বা ১ লাখ ৩০ হাজার কোটি ডলার। আবার এটি মোট বিশ্ব বাণিজ্যের ১০ শতাংশের সমান। সে জন্য শুল্ক তুলে নেওয়ার বড় একটা ইতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যে। কারণ এতে বিশ্বজুড়ে আইটি পণ্যের দাম কমবে। একই সঙ্গে ব্যাপক হারে আইটি পণ্য ব্যবহারের ওপর নির্ভরশীল খাতগুলোয় উৎপাদিত পণ্যের দামে প্রভাব পড়বে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সব মিলিয়ে বিশ্বজুড়ে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার বাড়বে।
এ বছরের জুলাই মাসে সম্পাদিত তথ্যপ্রযুক্তি চুক্তিতেই (আইটিএ) মূলত ২০১টি আইটি পণ্যের ওই তালিকা চূড়ান্ত করা হয়েছিল।
ডব্লিউটিও বলেছে, আইটিএ সম্পাদনকারী দেশগুলো কয়েক মাস ধরে সমঝোতায় উপনীত হতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ফলেই নাইরোবিতে কাঙ্ক্ষিত সাফল্য এসেছে।
এদিকে ডব্লিউটিওর মহাপরিচালক (ডিজি) রবার্তো আজেভেদো আইটি পণ্যের বাজার শুল্কমুক্ত করার সিদ্ধান্তকে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের বিরাট সাফল্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটি একটি অর্থপূর্ণ অর্জন।
ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, ‘আইটি পণ্যে শুল্কহার কমানো ও পর্যায়ক্রমে পুরোটা প্রত্যাহারের এই চুক্তি ১৯৯৬ সালের পর ডব্লিউটিওর অধীনে এ ধরনের প্রথম বড় মাপের পদক্ষেপ। ঐতিহাসিক বালি (ইন্দোনেশিয়া, ২০১৩) সম্মেলনের ধারাবাহিকতাতেই এটি সম্ভব হয়েছে। আমরা দুই বছরের মধ্যেই দুটি চুক্তি সম্পন্ন করেছি, যা অর্থনৈতিকভাবে সুফল এনে দেবে। আমি মনে করি, এই সফলতা সর্বত্রই আমাদের কার্যক্রমকে উৎসাহিত করবে।’
চুক্তির আওতায় থাকা কয়েকটি উল্লেখযোগ্য পণ্য হলো সেমি-কনডাক্টরস, জিপিএস নেভিগেশন সিস্টেম, এক্স-রে জাতীয় যন্ত্রসহ মেডিকেল প্রোডাক্টস বা চিকিৎসা উপকরণ ও সরঞ্জাম, যন্ত্রপাতি, টেলিকমিউনিকেশনস স্যাটেলাইট, টাচ স্ক্রিন ইত্যাদি।
তবে চুক্তিটিতে আইটি খাতের নন-ট্যারিফ বা অশুল্ক প্রতিবন্ধকতাসমূহ মোকাবিলা করার কথাও বলা হয়েছে।
এর আগে ১৯৯৬ সালে আইটিএ সম্পাদিত হয়। তাতে অবশ্য জড়িত ছিল ৮২টি দেশ।
বাংলাদেশও ডব্লিউটিওর এই বাণিজ্যমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে তিনি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।
চার দিনের এই সম্মেলন আজ শুক্রবার শেষ হবে, যা শুরু হয়েছিল গত মঙ্গলবার। এতে ডব্লিউটিওর ১৬২টি সদস্যদেশের প্রায় ৬০০ সরকারি-বেসরকারি প্রতিনিধি যোগ দিয়েছেন।