২০১১-১২ অর্থবছরে দেশের প্রত্যেক বিভাগ থেকে একটি করে জেলায় হলেও জেলা বাজেট প্রণয়নের আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।২০১০-১১ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপনকালে জাতীয় সংসদে যে ‘একীভূত বাজেট ও জেলা বাজেট’ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন অর্থমন্ত্রী, তাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী অবশ্য গত বছর জুন মাসে চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তব্যে এ বছর থেকেই একীভূত ও জেলা বাজেট চালু করার কথা জানিয়েছিলেন। জেলা বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীর যুক্তি হলো, ‘বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সমন্বয়হীনতা ও দ্বৈততা দূর করা এবং জেলা পর্যায়ের জনগণের ইচ্ছা বা চাহিদার যথাযথ প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।’ বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, কাজটি খুব সহজ নয় বলেই গত এক বছরেও কথা রাখতে পারেননি অর্থমন্ত্রী। আগামীবারও পারবেন কি না, সন্দেহের অবকাশ রয়েছে। কারণ, একীভূত ও জেলা বাজেট প্রণয়নের আগে যেসব কাজ করতে হবে, সেগুলো এখনো বাকি রয়ে গেছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার আগে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।ধারণাপত্রটি উপস্থাপন করে এবারের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন, ‘জাতীয় বাজেট একীভূতভাবে প্রণয়নের সঙ্গে সঙ্গে জেলা বাজেট প্রণয়নের জন্য পদ্ধতিগত বেশ কিছু সংস্কারের কাজ করতে হবে।’ এগুলো হলো, হিসাব ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার, উন্নয়ন প্রকল্প ছকের পরিবর্তন, বাজেটকাঠামোর পুনর্বিন্যাস এবং সরকারি হিসাব-নিকাশের ডিজিটালাইজেশন। এগুলো সম্পন্নের পরই ভবিষ্যতে একীভূত ও জেলা বাজেট উপস্থাপন করা যাবে।যুক্তরাজ্যের স্থানীয় প্রশাসনব্যবস্থা বিবেচনায় রেখে দীর্ঘ মেয়াদেও কিছু সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে ধারণাপত্রে। এগুলো হলো, জেলা পরিষদকে পুনর্গঠন করে নতুন দায়িত্ব দেওয়া বা জেলা সরকার গঠন, জেলার প্রায় সব দপ্তর বা সংস্থাকে নতুন কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা, এই কর্তৃপক্ষকে বাজেট প্রণয়ন ও অর্থ ছাড়ের ক্ষমতা দেওয়া ইত্যাদি। এতে শুধু বাজেট বাস্তবায়ন পরিস্থিতির উন্নতিই হবে না, স্থানীয় সরকারব্যবস্থাও শক্তিশালী হবে বলে ধারণাপত্রে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিবছর সরকারের প্রাক্কলিত আয় ও ব্যয়সংবলিত যে বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়, সেটিকেই বলা হয় বাজেট। বাংলাদেশে বাজেট প্রণয়ন করা হয় কেন্দ্রীয়ভাবে। এতে দেশের কোনো ভৌগোলিক এলাকা বা জেলাওয়ারি আয় বা ব্যয়ের কোনো প্রাক্কলন দেখানো হয় না।যোগাযোগ করলে সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী না করে জেলা বাজেট উপস্থাপন করা গেলেও বাস্তবায়ন করা মুশকিল হবে। জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে জেলা বাজেটের কথা বলা হলে বিষয়টি আলাদা। দেখতে হবে, সরকার আদতেই জেলা বাজেট বাস্তবায়ন করতে চায় কি না। প্রকৃতপক্ষেই জেলা বাজেট করবে বলে যদি সরকার মনে করে, স্থানীয় সরকারকে শক্তিশালী করার কাজ এখনই শুরু করতে হবে।’ধারণাপত্রে আরও বলা হয়েছে, একীভূত বা একক বাজেট হচ্ছে সেই বাজেট, যাতে ব্যয়ের প্রকৃতি নির্বিশেষে বাজেটে সমুদয় ব্যয়কে একত্রে দেখানো হয়। অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে এই পদ্ধতি বিদ্যমান। তবে একে আবার চলতি ব্যয় ও মূলধন ব্যয়—এই দুই ভাগে ভাগ করেও দেখানো হয়। দাতা দেশ বা সংস্থা থেকে সাহায্য প্রাপ্তির সুবিধার্থে অনেক উন্নয়নশীল দেশে আবার চলতি ব্যয়কে অনুন্নয়ন ব্যয় এবং মূলধন ব্যয়কে উন্নয়ন ব্যয় হিসেবে দেখিয়ে আলাদা বাজেট প্রণয়ন করা হয়।জেলা বাজেট সম্পর্কে ধারণাপত্রে কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালে জেলা বাজেট প্রণয়ন করা হয়। আর পাকিস্তানে শুধু শিক্ষা বিভাগের ক্ষেত্রে জেলা বাজেটের অস্তিত্ব রয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ফিলিপাইন ইত্যাদি দেশে সরাসরি জেলা বাজেটের অস্তিত্ব নেই। তবে জেলা বা সমপর্যায়ের ভৌগোলিক এলাকার জন্য স্থানীয় সরকার রয়েছে এবং এ সরকারই এক বছরের জন্য বাজেট প্রস্তুত করে। এসব দেশের স্থানীয় সরকারের আয়ের উৎস হচ্ছে স্থানীয় কর, প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত হস্তান্তর এবং ঋণ। আর ব্যয়ের খাত হচ্ছে সরকারি দপ্তরসহ রাজস্ব ব্যয়, মানব উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মূলধন ব্যয় এবং সুদ ও আসল পরিশোধ।কিছু অন্তরায়ের কথা উল্লেখ করে ধারণাপত্রে জেলা বাজেট প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ভৌগোলিক দিক থেকে ছোট হলেও জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ এক বিশাল প্রশাসনিক ইউনিট। অথচ এখনো বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ—অর্থাৎ সবকিছু পরিচালিত হয় কেন্দ্র থেকে। এ রকম নজির বিশ্বের অন্য কোথাও নেই। ফলে বাজেটের কিছু দুর্বলতা থেকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যেমন সম্ভাবনা থাকা সত্ত্বেও আশানুরূপ রাজস্ব আহরণ না হওয়া, ব্যয় প্রাক্কলন প্রণয়নে জনগণের ইচ্ছার প্রতিফলন না থাকা, সম্পদ বণ্টনে আঞ্চলিক বৈষম্য, কেন্দ্রের ওপর সব ক্ষেত্রে নির্ভরশীল থাকা ইত্যাদি।ধারণাপত্রে আরও বলা হয়েছে, সরকারি ঋণের আসল ও সুদ পরিশোধ, প্রতিরক্ষা ব্যয়, পদ্মা সেতুর মতো কিছু ব্যয়ের ক্ষেত্রে জেলাওয়ারি বণ্টন সম্ভব হবে না। এজাতীয় ব্যয় বাদ দিয়েই জেলাওয়ারি বরাদ্দ দেখাতে হবে।