২০১২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। আলোচ্য বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। ২০১১ সালে এই প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২ শতাংশ। মূলত রপ্তানি কমে যাওয়া ও কৃষি উৎপাদন হ্রাসের ফলে প্রবৃদ্ধি কমেছে। খবর এএফপির।সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। আর এর আগের প্রান্তিকে এই হার ছিল মাত্র ৪ দশমিক ৮ শতাংশ।চলতি বছরে (২০১৩) অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছেন শ্রীলঙ্কার অর্থ বিভাগের প্রধান পাঞ্চি বান্দা জয়সুন্দ্রে। তিনি মনে করেন, এই প্রবৃদ্ধির হার ৭ থেকে সাড়ে ৭ শতাংশ পর্যন্ত হতে পারে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে শ্রীলঙ্কার ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বিষয়টি জড়িত।২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমনের পর থেকেই শ্রীলঙ্কার অর্থনীতি ঊর্ধ্বমুখী রয়েছে। জাতিসংঘের হিসাবমতে, ৩৭ বছরের এই জাতিগত রক্তপাতে প্রায় এক লাখ লোকের প্রাণহানি হয়। কিন্তু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কার রপ্তানি কমে যায়। আবার আবহাওয়াগত কারণে কৃষি উৎপাদনও কমে যায়। এর ফলে ২০১২ সালে শ্রীলঙ্কার রপ্তানি আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কমে যায়। মূল্যস্ফীতির হার ১০ শতাংশের কাছাকাছি থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা দিতে সুদের হার ধরে রেখেছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক।