বিশ্বে আগামী ২০১৩ সালে চাহিদার চেয়ে বেশি পরিমাণ চাল উৎপাদিত হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।এফএওর তথ্যমতে, বিশ্বে খাদ্য মজুদ চলতি ২০১২ সালের ৩৩ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০১৩ সালে ৩৫ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে।এফএওর রাইস মার্কেট মনিটরে (আরএমএম) বলা হয়েছে, ‘আগামী বছরে ক্যারিওভার স্টক বা এই বছরে উৎপাদিত চালের এক কোটি টন বা সাত শতাংশ আগামী বছরের মজুদের সঙ্গে যোগ হবে।এফএওর পূর্বাভাসে বলা হয়, আগামী বছরে এশিয়ায় ধানের উৎপাদন বেড়ে ৬৬ কোটি ১০ লাখ টনে উন্নীত হবে, যা থেকে তৈরি হবে ৪৪ কোটি ১০ লাখ টন চাল। সে ক্ষেত্রে ২০১১ সালের তুলনায় এশিয়ায় চালের উৎপাদনে প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ৮ শতাংশ।এশিয়ায় ধান বা চাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর মধ্যে উল্লেখযোগ হচ্ছে: বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে আগামী বছরে ধান বা চালের উৎপাদন বাড়বে। খবর আইএএনএস ও এএফপির।এশিয়ায় ধান উৎপাদনকারী আরেকটি বড় দেশ হচ্ছে ভারত। কিন্তু এফএও পূর্বাভাসে আগামী বছরে এই দেশে ধানের উৎপাদন চার শতাংশ কমবে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও যেসব দেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়, সেগুলোর মধ্যে কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া ও নেপালে উৎপাদন কমবে। ইউরেশিয়ান দেশ তুরস্কেও আগামী বছর ধানের উৎপাদন কমবে।তবে আফ্রিকার দেশগুলোতে আবহাওয়া অনুকূল হওয়ায় ধানের উৎপাদন ঘুরে দাঁড়াবে অর্থাৎ বাড়বে বলে আরএমএমের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ওই অঞ্চলে দুই কোটি ৬৪ লাখ টন ধান বা এক কোটি ৭৩ লাখ চাল উৎপাদিত হবে।