২০১৪ সালে ৪ প্রকল্পকে পুরস্কৃত করেছে এডিবি
২০১৪ সালের জন্য চারটি উন্নয়ন প্রকল্পকে পুরস্কৃত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পগুলো হলো টেকসই পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প, শহর অঞ্চল উন্নয়ন প্রকল্প, তৃতীয় প্রাথমিক শিক্ষা প্রকল্প (পিইডিপি-৩) এবং দ্বিতীয় শেয়ারবাজার উন্নয়ন প্রকল্প।
উল্লেখ্য, এসব প্রকল্পে এডিবি অর্থায়ন করছে। সন্তোষজনক ও যথাযথ বাস্তবায়নের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন দলকে পুরস্কৃত করা হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রতিটি প্রকল্প দলকে সম্মাননা জানানো হয়। প্রকল্প পরিচালকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোচি।
মূলত ২০১৪ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই প্রকল্পগুলো বাছাই করা হয়। ২০০১ সাল থেকে প্রতিবছর একাধিক প্রকল্পকে এ ধরনের স্বীকৃতি দিয়ে আসছে এডিবি। বিগত বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেও তা অব্যাহত থাকে। একই প্রকল্প একাধিকবারও সেরা প্রকল্পের মর্যাদা পেয়েছে।
প্রকল্পসমূহ: দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার দারিদ্র্য বিমোচনে যে টেকসই পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে, তাতে এডিবি ছয় কোটি ডলার দিয়েছে। এ প্রকল্পের আওতায় পল্লি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এ প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে।
অন্য পুরস্কৃত প্রকল্প হচ্ছে শহর অঞ্চল উন্নয়ন প্রকল্প, যাতে এডিপি দিয়েছে ১২ কোটি ডলার। এ প্রকল্পের আওতায় ঢাকা ও খুলনা সিটি করপোরেশনের নগর অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।
অপর পুরস্কৃত ২ প্রকল্প হচ্ছে, পিইডিপি-৩-এর আওতায় দেশের সব শিশুকে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নেওয়া প্রকল্পটি। এতে ৩২ কোটি ডলার দিচ্ছে এডিবি। আর শেয়ারবাজার উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি।
সেরা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এডিবির বেশ কিছু মানদণ্ড রয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্য মানদণ্ডগুলো হলো প্রকল্প দলের দক্ষতা, সততা, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রকল্প অগ্রগতি, লক্ষ্য অর্জন, উদ্ভাবনী ক্ষমতা, দক্ষ নেতৃত্ব ইত্যাদি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৩৯টি প্রকল্পে ১ হাজার ৬১০ কোটি ডলার (পুঞ্জীভূত হিসাবে) ঋণ দিয়েছে সংস্থাটি। এর মধ্যে কারিগরি সহায়তা হিসেবে পাওয়া গেছে ২৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৪ সালেই এডিবি প্রায় ৯৭ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে।