আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই হাজারীবাগ থেকে সব ধরনের ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তর শেষ হবে বলে আশা করছে শিল্প মন্ত্রণালয়।
এ লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক), বাংলাদেশ ফিনিসড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএল এলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) মধ্যে গতকাল রোববার ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।
রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে এশিয়া ফাউন্ডেশন এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ ফজলে নূর তাপস, ভারপ্রাপ্ত শিল্পসচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, বিসিক চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার ও পরিচালক পতিত পাবন বৈদ্য, চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক আনিসুল হক ভূঁইয়া, এশিয়া ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দ আল মুতি, বিএফএলএলএফইএর চেয়ারম্যান বেলাল হোসেন এবং বিটিএর চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করছে। দেশীয় কাঁচামাল, দক্ষ শ্রমিক ও মূল্য সংযোজনের সুযোগ থাকায় শিগগিরই রপ্তানি ৫০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।
ট্যানারি মালিকেরা সাভারে ট্যানারি স্থানান্তরের জন্য সরকার-নির্ধারিত ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দ্রুত ছাড় করা, সহজ শর্তে ঋণদান এবং হাজারীবাগের ট্যানারির বিপরীতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ও বন্ধক সাভার চামড়া শিল্পনগরের অনুকূলে দেওয়ার দাবি জানান।
শিল্পমন্ত্রী আরও বলেন, মূল্য সংযোজন, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের বিপুল সুযোগের বিষয়টি বিবেচনা করে সরকার চামড়াশিল্পকে অগ্রাধিকারমূলক শিল্প খাত হিসেবে চিহ্নিত করেছে।