২০১৪ সালের বর্ষসেরা গাড়ি অডি এ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফি হাতে ‘অডি এ৩’ মডেলের গাড়ির পাশে অডি অ্যামেরিকার প্রেসিডেন্ট স্কট।
ট্রফি হাতে ‘অডি এ৩’ মডেলের গাড়ির পাশে অডি অ্যামেরিকার প্রেসিডেন্ট স্কট।

২০১৪ সালের বর্ষসেরা গাড়ি বা কার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান অডি এজির ‘অডি এ৩’ মডেলের গাড়ি। নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো ও ব্রিজ স্টোনের পক্ষ থেকে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

বর্ষসেরা গাড়ি নির্বাচনের জন্য প্রাথমিকভাবে বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির ২৪টি গাড়ি নির্বাচন করা হয়। পরে এগুলোর মধ্য থেকে ১২টির সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেখান থেকে বিএমডব্লিউ ৪ সিরিজ, মাজদা ৩ ও অডি এ৩ নির্বাচন করা হয়। এরপর এই তিনটির মধ্য থেকে ‘অডি এ৩’ মডেলের গাড়িটিকে ২০১৪ সালের বর্ষসেরা গাড়ি নির্বাচিত করা হয়।

অডি এজির ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রুপার্ট স্ট্যাডলার বলেন, ‘অডি এ৩ মডেলের গাড়ি কার অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। অডির প্রযুক্তিগত উত্কর্ষ এই সাফল্যের অন্যতম কারণ। অডির এই সাফল্যে অংশীদার কোম্পানির সবাই।’
ওয়ার্ল্ড কার প্রতিযোগিতায় অংশ নিতে হলে কমপক্ষে দুই মহাদেশে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের ৩১ মে পর্যন্ত গাড়ির বিক্রি থাকতে হবে।

ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, বর্ষসেরা গাড়ি নির্বাচনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক জুরি বোর্ড গঠন করা হয়। ২২টি দেশের ৬৯ জন উচ্চপর্যায়ের অটোমোটিভ সাংবাদিককে নিয়ে এই জুরি বোর্ড গঠন করা হয়। দক্ষতা, যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা ও প্রভাবের ওপর ভিত্তি করে প্রত্যেক জুরিকে নিয়োগ দেয় ওয়ার্ল্ড কার স্টিয়ারিং কমিটি। জুরি বোর্ডের সদস্যরা বিভিন্ন ক্যাটাগরি বিবেচনা করে ‘কার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেন।

এর আগে ২০১২ ও ২০০৯ সালে কার অব দ্য ইয়ার নির্বাচিত হয় ফক্সভাগেন গল্ফ। এ ছাড়া ২০১১ সালে নিশান লিফ, ২০১০ সালে ফক্সভাগেন পোলো, ২০০৮ সালে মাজদা২/মাজদা ডেমিও, ২০০৭ সালে লেক্সাস এলএস৪৬০, ২০০৬ সালে বিএমডব্লিউ ৩ সিরিজ ও ২০০৫ সালে অডি এ৬ মডেলের গাড়ি সেরা গাড়ি নির্বাচিত হয়।