খান ব্রাদার্স শিপবিল্ডিং উদ্বোধনকালে অর্থমন্ত্রী
২০১৪ সালের মধ্যে দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না
শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এক্ষেত্রে অর্থায়নসহ কিছু সমস্যা থাকলেও ২০১৩-১৪ সালের মধ্যে বিদ্যুতের সমস্যা আর থাকবে না। অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মেঘনা নদীর তীরে খান ব্রাদার্স লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো: কৃষি ও গ্রামীণ খাতকে শক্তিশালী করা, ব্যক্তি খাতকে অগ্রসর করা এবং অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি খাতকে এগিয়ে নেওয়া। মুহিত আরও বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান গড়ে নিয়েছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। বর্তমানে যেসব খাত রপ্তানি আয়ে মূল ভূমিকা রাখছে সেগুলোর সঙ্গে নতুন নতুন খাত যুক্ত করতে হবে। এক্ষেত্রে গৃহাস্থালী সামগ্রী, জাহাজনির্মাণ, খেলনা ও আসবাবপত্র সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে অবস্থান করে নিচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘ইতিমধ্যে জাহাজভাঙ্গা শিল্পের নীতিমালা তৈরি করা হয়েছে। আগামী জুনের মধ্যে জাহাজ তৈরি শিল্পের নীতিমালা প্রণয়ন করা হবে।’ তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের এই এলাকায় বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিবিসিআই) সভাপতি একে আজাদ বলেন, বাংলাদেশে বর্তমানে ব্যাংক ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ। অথচ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এই হার চার থেকে পাঁচ শতাংশ। একারণে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করতে পারছে না। ব্যাংকে টাকা রাখলে অনেক বেশি মুনাফা পাওয়া যায়। তাই অনেকে ব্যাংকে টাকা রাখছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ভেনড অলিং, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির ও ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, ব্যারিস্টার আমির-উল-ইসলাম, খান ব্রাদার্স শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান এনামুল কবির খান ও ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।