২০১৫-পরবর্তী উন্নয়ন ভাবনা নিয়ে ঢাকায় তিন দিনের কর্মশালা
২০১৫ সাল-পরবর্তী উন্নয়নসূচি নিয়ে আলোচনার জন্য আজ রোববার থেকে ঢাকায় তিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই কর্মশালার আয়োজন করেছে। সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।কর্মশালায় ‘২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি’ ও ‘বুসান পার্টনারশিপে’র ওপর আলোচনা হবে। কর্মশালার শিরোনাম, কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশীদারি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।কর্মশালা উপলক্ষে গতকাল শনিবার শেরোবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইআরডি। এতে বক্তব্য দেন ইআরডির সচিব আবুল কালাম আজাদ। এ সময় ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইআরডির সচিব আবুল কালাম আজাদ জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বৈদেশিক সাহায্যের কার্যকারিতা বৃদ্ধির ওপর ব্যাপক গুরুত্বারোপ করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২০১১ সালে অনুষ্ঠিত বুসান সম্মেলন বিশেষভাবে উল্লেখযোগ্য।