২০১৫ সাল থেকে চিলিতে শুল্কমুক্ত বাজারসুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ চিলির সরকার বাংলাদেশের সব ধরনের পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় তিনি বিষয়টি জানান।

অবশ্য এর আগে সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী এ দেশে নিযুক্ত চিলির রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্যারোসের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে চিলির সঙ্গে বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।

২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ চিলিতে তিন কোটি তিন লাখ ডলারের পণ্য রপ্তানি করে। একই সময়ে সে দেশ থেকে আমদানি হয়েছে ৬২ লাখ ডলারের পণ্য। অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্য এখন বাংলাদেশের অনুকূলে। চিলিতে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ইত্যাদি।

দুই বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া গেলে সেখানে রপ্তানিও বহুগুণ বেড়ে যাবে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশে পণ্য রপ্তানিতে বিভিন্ন সুবিধাসংবলিত একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর আওতায় চিলির সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিলিতে এখন যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তা অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) আওতায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, জিএসপির আওতায় ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুই কোটি ১০ লাখ ডলারের পণ্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে।

অ্যামচেমের বৈঠকে তোফায়েল আহমেদ আরও বলেন, দেশে রাজনৈতিক সমস্যা আছে। বিশ্বের অনেক দেশেই তা রয়েছে। সে কারণেই অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে।

সভায় অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, অর্থনৈতিক উন্নয়নে এখন বিভিন্ন ধরনের সংস্কার আনা প্রয়োজন। গত বছরের রাজনৈতিক অস্থিরতার অনেক মাশুল দিয়েছেন ব্যবসায়ীরা। সে কারণে কিছু নির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া প্রয়োজন।

বর্তমানে দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে সে বিষয়ে অ্যামচেম সভাপতি বলেন, এটা যেন স্বল্প সময়ের জন্য না থাকে সেটাই ব্যবসায়ী সমাজ আশা করে। তা না হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও ধীর, ভঙ্গুর, অস্বস্তিকর হয়ে পড়বে।