২০১৫ সাল নাগাদ ৪৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সাল নাগাদ বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে সহজ শর্তে ঋণ হিসেবে এশীয় উন্নয়ন তহবিল থেকে পাওয়া যাবে ২৪০ কোটি ডলার আর অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) থেকে মিলবে ২১০ কোটি ডলার, যা মূলত কঠিন শর্তের ঋণ। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এডিবির বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ (সিপিএস) উদ্বোধন করে এ তথ্য জানানো হয়। সিপিএসে ২০১১-১৫ সাল নাগাদ এডিবি বাংলাদেশ সহায়তা কৌশল হিসেবে কী পরিমাণ অর্থ দেবে তার বিবরণ থাকে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ, এডিবির আবাসিক পরিচালক থেবাকুমার কান্দিয়াহ। আর সিপিএস সম্পর্কে মূল উপস্থাপনা তুলে ধরেন বিশেষজ্ঞ জাহিদ হোসেন। এডিবির সিপিএসে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো। দারিদ্র্য বিমোচনে অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশের সামনে চারটি উন্নয়ন চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো: অবকাঠামো দুর্বলতা, পর্যাপ্ত দক্ষ জনশক্তির অভাব, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তন। আর এডিবির অর্থ মূলত জ্বালানি, পরিবহন, নগরায়ণ, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ ও আর্থিক খাতে খরচ হবে। এসব খাতের বিনিয়োগের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) সহায়তা দেওয়া হবে। এতে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দাতাদের সম্পর্ক অবশ্যই অর্থবহ ও ফলপ্রসূ হওয়া উচিত। এডিবিসহ দাতাদের সঙ্গে দেশের নীতিনির্ধারকদের ভিশনে মিল রয়েছে। এ জন্য তাদের সহায়তা কৌশল কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুহিত আরও বলেন, ৪০ বছর আগে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ আসত বিদেশি সহায়তা হিসেবে। বর্তমানে তা ২ শতাংশে নেমে এসেছে। তবে গত অর্থবছরে তা আধা শতাংশে নেমে এসেছে। যদিও আমরা বিদেশি সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারছি না। অর্থমন্ত্রীর মতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ৫০ শতাংশ জনগোষ্ঠীকে অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে। এ জন্য কর্মসংস্থার দরকার। অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ প্রয়োজন। ইকবাল মাহমুদ জানান, সিপিএস শুধু এডিবির দলিল নয়, এটি বাংলাদেশের দলিল। তবে তিনি দাতাদের প্রতিশ্রুত অর্থছাড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। থেবাকুমার কান্দিয়াহ বলেন, এডিবি যখন এ সিপিএস তৈরি করেছে তখন বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থসামাজিক অবস্থার উন্নতি করেছে। যদিও এই সময়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানিমূল্যের অস্থিরতা ও জলবায়ু পরিবর্তনের মতো নতুন চ্যালেঞ্জ রয়েছে। আগের সিপিএস মূল্যায়ন করে তিনি বলেন, ২০০৬-১০ সালের বাংলাদেশের অর্থনীতি সন্তোষজনক পর্যায়ে ছিল।এডিবির আবাসিক পরিচালক জানান, সিপিএসে অন্তর্ভুক্ত সব কর্মসূচিতে বিনিয়োগ ও প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো বেশ জটিল ও কঠিন, কিন্তু অর্জনযোগ্য চ্যালেঞ্জ।