২০১৫ সালে দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য
দেশের দারিদ্র্য-পরিস্থিতির উন্নতি হওয়ায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা পুনর্বিন্যাস করা হচ্ছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপের ফলাফল বিশ্লেষণ করে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের হার ২০ শতাংশে নামিয়ে আনার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম খসড়ায় এই হার ২৯ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছিল।প্রথম খসড়ায় ২০০৫ সালে খানা আয়-ব্যয় জরিপের ফলাফল বিবেচনায় নিয়ে দারিদ্র্যের বিদ্যমান হার ৪০ শতাংশ ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ২০১০ সালের খানা আয়-ব্যয় জরিপের প্রাথমিক ফলাফল চলে আসায় পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকার ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবছরের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের আলোকে চলতি অর্থবছরের পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর চলছে।সম্প্রতি সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ ২০১০-এর প্রাথমিক ফলাফল চেয়ে পরিসংখ্যান ব্যুরোকে চিঠি দেয় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। খানা ব্যয় জরিপের ফলাফল চূড়ান্ত করা না হলেও প্রাথমিক হিসাবে ২০১০ সাল পর্যন্ত দারিদ্র্য-পরিস্থিতির বিবরণ দেওয়া হয়।পরিসংখ্যান ব্যুরো ভিন্ন ভিন্ন অনুমিতিতে দেশের দারিদ্র্যবিষয়ক তিনটি দৃশ্য জিইডিকে পাঠায়। দারিদ্র্যের প্রথম দৃশ্যে ২০১০ সালে জাতীয় দারিদ্র্যের হার ২০ শতাংশে নেমে এসেছে। দ্বিতীয় দৃশ্যে দারিদ্র্যের হার ৩০ শতাংশে আর তৃতীয় দৃশ্যে তা সাড়ে ৩১ শতাংশে নেমে এসেছে বলে পরিসংখ্যান ব্যুরো মনে করে। ২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ দারিদ্র্যের হার ৩০ শতাংশ ধরে পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করেছে। চলতি মাসের শেষ সপ্তাহে দারিদ্র্যের হার নেমে আসার নতুন লক্ষ্যমাত্রাসহ সামগ্রিক পঞ্চবার্ষিক পরিকল্পনা খসড়া নিয়ে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টাসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকেই পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হবে। পরে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে।এ প্রসঙ্গে জিইডির সদস্য ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সদস্যসচিব শামসুল আলম প্রথম আলোকে বলেন, প্রথম খসড়ায় ২০০৫ সালের দারিদ্র্য-পরিস্থিতি ধরে প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু এখন তা ২০১০ সালের হিসাব ধরে করা হয়েছে। তাই দারিদ্র্যের হার নামিয়ে আনার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।শামসুল আলম আরও জানান, বর্তমানে দারিদ্র্যের হার ৩০ শতাংশ ধরলে ২০১৫ সাল নাগাদ তা ২০ শতাংশে নামিয়ে আনা খুবই সম্ভব। কেননা, আলোচ্য সময়ে মোট দেশজ আয়ের (জিডিপি) বার্ষিক গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত শতাংশের বেশি। আর সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলে প্রতিবছর কমপক্ষে ২ দশমিক ৮০ শতাংশ হারে দারিদ্র্য কমবে। সে ক্ষেত্রে পাঁচ বছর পর দেশের দারিদ্র্যের হার ১৬ শতাংশে নেমে আসতে পারে।তবে আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার ঝুঁকি বিবেচনায় নিয়ে আরও রক্ষণশীল হিসাবে প্রতিবছর আড়াই শতাংশ হারে দারিদ্র্য কমবে। সেই হিসাবে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের হার সাড়ে ১৭ শতাংশেও নামানো সম্ভব।কিন্তু পরিকল্পনা কমিশন বাড়তি সতর্কতা হিসেবে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণই অধিকতর যৌক্তিক বলে মনে করছে।এ ছাড়া বিনিয়োগ, রাজস্ব আয়, শিল্প, কৃষিসহ বেশ কিছু খাতের লক্ষ্যমাত্রাও পুনর্বিন্যাস করা হচ্ছে। চলতি মাসের মধ্যে তা খসড়ায় সন্নিবেশিত করা হবে।অর্থায়ন: পুরো পরিকল্পনা বাস্তবায়নে ১৩ লাখ ৩২ হাজার ৬৭০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে দাতারা দেবে ৯৬ হাজার ৫২০ কোটি টাকা। আর বাকি অর্থের জোগান দেবে সরকার নিজস্ব উৎস থেকে। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য সাড়ে পাঁচ লাখ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। পরিকল্পনার শেষ বছরে, অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে এনবিআরকে এক লাখ ৫২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে।এদিকে খাতওয়ারি বিনিয়োগের লক্ষ্যমাত্রাও কিছুটা সংশোধন করা হচ্ছে। প্রথম খসড়ায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন তা সাড়ে ৩২ শতাংশ করা হচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৪ দশমিক ২ শতাংশ।পরিকল্পনাকাল শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৩১০ কোটি ডলারে উন্নীত করার কথা বলা হয়েছে। আর বছরে বার্ষিক গড় রিজার্ভ থাকবে এক হাজার ৮০ কোটি ডলার।কর্মসংস্থান: ২০১৪-১৫ অর্থবছর নাগাদ এক কোটি ২০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এ জন্য কৃষি খাতের চেয়ে শিল্প খাত, বিশেষ করে, উৎপাদন খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি খাতে উৎপাদনশীলতা ও বহুমুখীকরণের কথা বলা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন শেষে জিডিপির ১৬ শতাংশের অংশীদার হবে কৃষি খাত, বর্তমানে তা রয়েছে ২০ শতাংশ। অন্যদিকে উৎপাদন খাতের অংশীদারি হবে জিডিপির ২২ শতাংশ, বর্তমানে যা ২০ শতাংশ রয়েছে।এ ছাড়া শ্রমঘন, রপ্তানিমুখী শিল্প খাত এবং সংগঠিত সেবা খাতের দ্রুত প্রবৃদ্ধি অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে খসড়ায় বলা হয়েছে।জিডিপি প্রবৃদ্ধি: সামষ্টিক অর্থনীতির প্রধানতম লক্ষ্য হলো পরিকল্পনাকাল শেষে, অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে আট শতাংশ। এর আগে ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ ও ২০১৩-১৪ অর্থবছরে ৭ দশমিক ৬ শতাংশ। আর পরিকল্পনা বাস্তবায়নকালে গড় জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ।অন্যদিকে জাতীয় ভোগের অংশ ক্রমান্বয়ে জিডিপির ৭৮ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার উদ্যোগও রয়েছে পরিকল্পনায়। বর্তমানে এই হার সাড়ে ৮০ শতাংশ। আর জাতীয় সঞ্চয় বাড়িয়ে জিডিপি ৩১ দশমিক ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ২৯ দশমিক ৪ শতাংশ।রপ্তানি খাতে বছরে গড় প্রবৃদ্ধি ৪০০ কোটি ডলার বা ২৫ শতাংশ বাড়িয়ে ২০১৫ সাল নাগাদ মোট রপ্তানি আয় তিন হাজার ৬৩০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ করা হয়েছে।রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহও বর্তমানের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ধরা হয়েছে। সে অনুযায়ী ২০১৫ সালে রেমিট্যান্স প্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ২৭০ কোটি ডলার।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন সহযোগীদের তাগিদে তৈরি করা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে পুনরায় পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, মধ্যমেয়াদি উন্নয়ন ধারণা নিয়ে ১৯৭৩ সালের জুলাই মাসে দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। কিন্তু একবারও লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি।সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০০২ সালে শেষ হয়েছে। এরপর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার দাতাদের কথিত ‘প্রেসকিপশন’ বা পরামর্শে তিন বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন শুরু করে।