২০১৬ সালে দেশে কর্মক্ষেত্রে ৩৮৩ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী ২০১৬ সালে সারা দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৩৮৩ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্মক্ষেত্রে ঘটা ২৬০টি দুর্ঘটনায় এসব শ্রমিক প্রাণ হারান। এর আগে ২০১৫ সালে কর্মক্ষেত্রে ঘটা ২৮২টি দুর্ঘটনায় ৩৭৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এ তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
বেসরকারি এই সংস্থাটি জাতীয় ও স্থানীয় পর্যায়ের ২৬টি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কর্মক্ষেত্রে শ্রমিক নিহতের এ
সংখ্যা পেয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক সেকেন্দার আলী সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে গত বছর কর্মরত অবস্থায় নিহত হয়েছেন ১৩৬ শ্রমিক। এ ছাড়া নির্মাণ খাতে ১২৫ জন, হোটেল ও বিদ্যুৎ সরবরাহের মতো সেবামূলক প্রতিষ্ঠানে ৬৬, পরিবহন খাতে ৪৯ ও কৃষিশ্রমিক নিহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯৩ জন শ্রমিক নিহত হন। এ ছাড়া আগুনে পুড়ে ৬৩ জন, মাচা বা ওপর থেকে পড়ে ৪৯, ভারী বস্তুর আঘাতে বা তার নিচে চাপা পড়ে ৪৮, বিস্ফোরণে ২৮, সড়ক দুর্ঘটনায় ৪৮, পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২৪ ও দেয়ালধসে ১১ জন শ্রমিক নিহত হন। অন্যান্য কারণে নিহত হন ১৯ জন শ্রমিক।
কর্মক্ষেত্রের বাইরের দুর্ঘটনায় নিহত শ্রমিকের হিসাব জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সব দুর্ঘটনার খবর সংবাদপত্রে না আসায় কর্মক্ষেত্রে নিহত শ্রমিকের প্রকৃত চিত্র পাওয়া যায় না বলে জানিয়েছেন সেকেন্দার আলী।