
চালুর মাত্র দেড় বছরে দেশের ৭০ শতাংশ মানুষকে থ্রিজি সেবা দিচ্ছে গ্রামীণফোন। আগামী বছরের মধ্যেই দেশের সব মানুষ এ সেবার আওতায় চলে আসবেন।
দেশের বৃহত্তম মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান। তিনি বলেন, ‘সব জেলায় সবার আগে থ্রিজি সেবা আমরা নিয়ে গেছি। আগামী বছরের মধ্যেই দেশের সব মানুষকে থ্রিজির আওতায় আনতে এখন আমরা কাজ করছি। চালুর ১৮ মাসের মধ্যে থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা টুজি ইন্টারনেট ব্যবহারকারীর সমপর্যায়ে চলে এসেছে, এটা একটা বড় অর্জন। খুব বেশি দেশে থ্রিজি ব্যবহারের শুরুতে এতটা সাফল্য আসেনি।’
থ্রিজির পাশাপাশি ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর বিষয়েও জোর দেন গ্রামীণফোনের সিইও। তিনি বলেন, ‘গ্রাহককে বুঝতে হবে কীভাবে ইন্টারনেট ব্যবহার করে তিনি বেশি উপকৃত হতে পারেন। গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহক ৫ কোটিতে উন্নীত করার লক্ষ্য অর্জন করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো অন্যান্য ক্ষেত্রেও যেতে হবে। এ জন্য আমরা কনটেন্ট ডেভেলপার ও সরকারের সঙ্গে কাজ করছি।’
ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বা আইআইএম লক্ষ্ণৌ থেকে মার্কেটিং ও ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রিধারী রাজীব শেঠি ২০১৪ সালের ১ ডিসেম্বর গ্রামীণফোনে যোগ দেন। এ দেশে গত ৫ মাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গ্রামীণফোন বাংলাদেশের জন্য শুধু একটি টেলিযোগাযোগ অপারেটর নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। দেশের সেরা মেধাবীরা এই প্রতিষ্ঠানে কাজ করতে চান, যেটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে।’ গ্রামীণফোনে যোগ দেওয়ার পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে তিনি চলতি বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক অস্থিরতার বিষয়টি তুলে ধরেন।
দেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও বলেন, ‘ইন্টারনেট ব্যবহারে হ্যান্ডসেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ গ্রাহকের হাতে স্মার্টফোন আছে। ভালো খবর হচ্ছে, নতুন যেসব হ্যান্ডসেট বিক্রি হচ্ছে তার ৩০ থেকে ৪০ শতাংশই স্মার্টফোন। থ্রিজি হ্যান্ডসেট এখন চার হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।’
বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের প্রতিযোগিতা সম্পর্কে রাজীব শেঠি বলেন, ‘এখানকার বাজারের প্রায় ৮০ শতাংশ গ্রাহককে টেলিযোগাযোগ সেবার আওতায় এনেছে বর্তমান অপারেটররা। বাংলাদেশের মতো বাজারে চার থেকে পাঁচটি অপারেটর থাকাই যথেষ্ট। এখন অপারেটরদের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে, এটা অপারেটরদের দক্ষতা বাড়াতে যেমন সহায়ক তেমনি গ্রাহকদের জন্যও ইতিবাচক।’
সম্প্রতি চালু হওয়া ইন্টারনেট ডট ওআরজির সঙ্গে গ্রামীণফোন যুক্ত হবে কী না—এমন প্রশ্নের জবাবে রাজীব শেঠি বলেন, ‘এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত হলে আমাদের গ্রাহকেরা কতটুকু লাভবান হবেন সেটা এখন আমরা বিচার-বিশ্লেষণ করছি।’
গ্রামীণফোনের হাতে এখন যে স্পেকট্রাম বা তরঙ্গ আছে, ভবিষ্যতে ইন্টারনেট গ্রাহক ৫ কোটিতে উঠলে তা কি যথেষ্ট হবে—এমন প্রশ্নের জবাবে রাজীব শেঠি বলেন, প্রতিবছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেটা ব্যবহার। বর্তমানে যে তরঙ্গ বরাদ্দ করা রয়েছে তার ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা না থাকায় অপারেটররা তা যথাযথভাবে ব্যবহার করতে পারছে না।
কল ড্রপ ও গ্রাহক সেবার মানের বিষয়ে রাজীব শেঠি বলেন, ‘গ্রাহকেরা সব সময়ই আমাদের কাছে বেশি প্রত্যাশা করেন। এ ছাড়া গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে আমরা সব সময়ই আন্তরিক।’