২০১৬ সালে সম্পন্ন হবে চামড়াশিল্প নগরীর কাজ: শিল্পমন্ত্রী
রাজধানীর অদূরে সাভারে চামড়াশিল্প নগরী স্থাপনের কাজ ২০১৬ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ রোববার সকালে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
দিলীপ বড়ুয়া বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে পরিবেশবান্ধব স্থানে চামড়াশিল্প স্থানান্তরের দাবি অনেক দিনের। বুড়িগঙ্গা নদীর দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব সবুজ পণ্য উত্পাদন, ট্যানারির শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি মোবাবিলা ও পরিবেশগত উন্নয়ন সর্বোপরি বিশ্ববাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ‘চামড়াশিল্প নগরী-ঢাকা প্রকল্প’ গ্রহণ করে সরকার।
মন্ত্রী বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে ১৩ আগস্ট দ্বিতীয় সংশোধিত প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় সিইটিপিসহ নির্ধারিত সব অবকাঠামো আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। পরে কমিশনিং, স্ট্যাবিলাইজেশন এবং পরিচালনা কাজ ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী আরও জানান, চামড়াশিল্প নগরীতে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) আওতাধীন ১৫৫টি শিল্প ইউনিটের অনুকূলে ২০৫টি প্লট বরাদ্দ দিয়ে এর দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত এটি বাস্তবায়নের মেয়াদকাল নির্ধারিত ছিল। প্রাথমিকভাবে ১৭৫ কোটি ৭৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল। কিন্তু প্রকল্পের গুরুত্বপূর্ণ কমপোনেন্ট অর্থাত্ সিইটিপি ও ডাম্পিং ইয়ার্ড স্থাপনে আইনি ও দরপত্রজনিত জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। বর্তমানে সংশোধিত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এক হাজার ৭৮ কোটি ৭২ লাখ টাকা ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিল্প সচিব মইন উদ্দিন আব্দুল্লাহ, বিসিক চেয়্যারম্যান শ্যাম সুন্দর রায়সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।