আগামী বছরের ১ জুলাই থেকে নতুন কাস্টমস আইন বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদে আইনটির খসড়া অনুমোদন হয়েছে। এখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে।
এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের ৪০ জন কর্মকর্তা ও প্রতিনিধির মতামত নেওয়া হচ্ছে। কর্মশালাটি আয়োজন করা হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নতুন কাস্টমস আইনটি ব্যবসাবান্ধব হবে। এখন শুল্ক বিভাগকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্ক কর পরিশোধে প্রাধান্য দেওয়া হচ্ছে।
একই অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, যেকোনো সংস্কারই ইতিবাচক ফল বয়ে আনে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, অনলাইনে শুল্ক পরিশোধের ব্যবস্থা চালু হলে সৎ করদাতারা উৎসাহিত হবেন।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজাহিকো হিগোচি, জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতাম্বা প্রমুখ।