২০১৮ সালের পর দেশে গ্যাস নিয়ে সমস্যা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক-দুই বছরের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘২০১৮ সালের পর দেশে গ্যাস নিয়ে কোনো সমস্যা হবে না। তখন গ্যাসকেন্দ্রিক শিল্পের বিকাশ ঘটবে।
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। নগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী সিলেটের কোম্পানীগঞ্জে ‘ইলেকট্রনিক সিটি’ স্থাপনের কথা জানান। তিনি বলেন, সিলেট অঞ্চলে আইটি সেক্টরে (তথ্যপ্রযুক্তি খাত) দক্ষ জনবল প্রয়োজন। ভবিষ্যতে আইটি সেক্টর বড় কর্মক্ষেত্র হিসেবে রূপ পাবে। তাই আইটি সেক্টরের দিকে সিলেটের মানুষের বিশেষ নজর দিতে হবে। এ জন্য তথ্যশ্রমিক সৃষ্টি করা দরকার।
আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে চলমান সমস্যার সমাধানের বিষয়সহ ভবিষ্যৎ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এর আগে গতকাল সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়।
২০১৩ সালের ৩ জানুয়ারি এক আদেশের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকা ছাড়া দেশের সব অঞ্চলে গ্যাসের নতুন সংযোগ বন্ধ করে দেয়। এরপর সারা দেশে গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিলেটে চালু ছিল। কিন্তু ২০১৫ সালের ৮ জুলাই আরেক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেটে গ্যাসের নতুন সংযোগ বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তখন থেকে ব্যবসায়ীসহ গ্রাহক পর্যায় থেকে গ্যাসের নতুন সংযোগ চালুর দাবি করা হচ্ছে।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গ্যাস আমদানি করা হবে। তবে আমদানির প্রক্রিয়া সম্পর্কে তিনি কিছু বলেননি। সিলেটে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অনেক ভালো ভালো পরিকল্পনা করি, কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না। গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সিলেটের মানবসম্পদ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে অবদান রাখছে। এই মানবসম্পদ আমাদের দেশেও কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, ‘সিলেট অঞ্চলের মাত্র ১৩ শতাংশ ব্যাংক ডিপোজিট ইনভেস্ট (আমানত বিনিয়োগ) হচ্ছে। এ অবস্থা কাটাতে সিলেটের ব্যবসায়ীদের লিয়াঁজো অফিসার নিয়োগ দিতে হবে। অর্থমন্ত্রীর স্বপ্ন সিলেটকে ডিজিটাল স্মার্ট সিটি করা; যাতে ঘরে বসেই সিলেটের মানুষ বিভিন্ন সেবা উপভোগ করতে পারেন।’
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও ইয়াহইয়া চৌধুরী, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল সিলেট চেম্বার অব কমার্স। নগরের লালদীঘির পাড় এলাকার একটি কক্ষে ১০২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয় সংগঠনটির। পরে নগরের জেল রোড এলাকায় একটি পাঁচতলা ভবনে স্থানান্তরিত হয় সিলেট চেম্বার। বর্তমানে এ সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৪ হাজার।
আজ সেমিনার: সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তির শেষ দিনে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘সিলেট অঞ্চলে বিনিয়োগ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশ, প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।