২০১৮ সালের পরে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুক্রবার শুরু হচ্ছে। তাই গতকাল শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পানি ছিটিয়ে মেলা প্রাঙ্গণ ধুলামুক্ত করছেন শ্রমিকেরা l ছবি: ফোকাস বাংলা
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুক্রবার শুরু হচ্ছে। তাই গতকাল শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পানি ছিটিয়ে মেলা প্রাঙ্গণ ধুলামুক্ত করছেন শ্রমিকেরা l ছবি: ফোকাস বাংলা

২০১৮ সালের পর আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) রাজধানীর শেরেবাংলা নগরে হবে না। তখন মাসব্যাপী এই মেলা হবে ঢাকার পূর্বাচলে। এ জন্য সরকার ৮০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা নির্মাণ করছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডিআইটিএফ-২০১৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। শেরেবাংলা নগরে মেলা সচিবালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলাটির আয়োজক।
পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি হবে চীনের অর্থায়নে। বাংলাদেশ সরকারও অর্থ দেবে। পূর্বাচলে খুবই আকর্ষণীয় বাণিজ্য মেলা কেন্দ্র হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের বাণিজ্য মেলায় ৮০ কোটি ও বিদায়ী ২০১৫ সালের মেলায় ৮৫ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এবারের মেলায় আরও বেশি রপ্তানি আদেশ পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন ও স্টল থাকছে ৫৫৩টি। এর মধ্যে ৬০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি সাধারণ প্যাভিলিয়ন, ৩টি রিজার্ভ প্যাভিলিয়ন, ৩৮টি বিদেশি প্যাভিলিয়ন ও ৫৭টি মিনি প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া প্রিমিয়ার, বিদেশি ও জেনারেল স্টল আছে ৩৫৫টি। আর রেস্তোরাঁ থাকছে ৩০টি।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২১টি দেশের ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। নতুন দেশ হিসেবে আসছে মরিশাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো ও ভুটান। অন্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া।
এদিকে এবারের মেলায় নারী উদ্যোক্তাদের স্টল আছে ৩৮টি। গতবার ছিল ২৯টি। এ ছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বঙ্গবন্ধুর নামে একটি প্যাভিলিয়ন থাকবে। মা ও শিশুকেন্দ্র থাকছে দুটি। প্রাথমিক চিকিৎসাকেন্দ্র আছে একটি। নিরাপত্তা নিশ্চিতে আনসার, পুলিশ ও র্যাবের সদস্যরা থাকবেন। মেলা এলাকায় বিভিন্ন স্থানে ১০০টি সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আজ বিকেল বা সন্ধ্যায় মেলাপ্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলায় একবার প্রবেশে টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। ৩১ জানুয়ারি শেষ হবে মেলা।
গতকাল সংবাদ সম্মেলন শেষে পুরো মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অনেক প্যাভিলিয়ন ও স্টলের নির্মাণকাজ শেষ হয়ে গেছে। এখন চলছে পণ্য সাজানো-গোছানোর কাজ। তবে কিছু স্টলের নির্মাণকাজ এখনো মাঝামাঝি অবস্থায় আছে। সেগুলো আজ উদ্বোধনের আগে শেষ না হওয়ার সম্ভাবনাই বেশি। এ ছাড়া মেলার ভেতরে সড়কের কাজও কিছু বাকি আছে।