২০১৮-এর জুলাইয়ের মধ্যে সংশোধন, নইলে তালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ত্রুটি সংস্কারের কাজে পিছিয়ে থাকা তৈরি পোশাক কারখানার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। জোটের স্বতন্ত্র সভাপতি অ্যালেন টশার বলেছেন, ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে সব কারখানা তাদের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক ত্রুটি সংশোধন করবে, নতুবা ব্যর্থ কারখানাগুলোকে জোটের পণ্য সরবরাহকারী তালিকা থেকে বাদ দেওয়া হবে।
উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির তৃতীয় বার্ষিক অগ্রগতি প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার (মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার) প্রকাশিত হয়। এই উপলক্ষে অ্যালায়েন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালেন টশার ওই বক্তব্য দেন।
অ্যালেন টশার আরও বলেন, ‘তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্য অর্জনে আমরা তাৎপর্যপূর্ণ অগ্রগতি করেছি। শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ বাকি সমস্যাগুলো সমাধান করা আমাদের প্রাথমিক লক্ষ্য।’
অ্যালেন টশারের হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাতে এখনো ২১ মাস সময় আছে। আশা করি, এই সময়ের সব ধরনের সংস্কারকাজ শেষ হয়ে যাবে। আসলে যারা ব্যবসায় আছে, তাদের নির্ধারিত সময়ের অনেক আগেই সব কাজ সম্পন্ন করে ফেলতে হবে।’
অ্যালায়েন্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, জোটের সদস্য পোশাক কারখানাগুলোর ৬৩ শতাংশ ত্রুটি সংশোধন শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৫ শতাংশ অগ্রাধিকারমূলক সংস্কারকাজ। এদিকে ৪০টি পোশাক কারখানা সব ধরনের ত্রুটি সংশোধন বা সংশোধনী কর্মপরিকল্পনা (ক্যাপ) সম্পন্ন করেছে। সংশোধনকাজে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় ৯৭ পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যালায়েন্স। এতে করে কারখানাগুলো অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের কাজ পাবে না।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপ, জেসি পেনি, টার্গেটসহ ২৯ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। তাদের সদস্য কারখানার সংখ্যা ৭৬৫। তবে বর্তমানে চালু কারখানার সংখ্যা ৬৮৫। এসব পোশাক কারখানায় কাজ করেন ১২ লাখ ৭৫ হাজার ৬১২ শ্রমিক। নতুন করে তালিকাভুক্ত ছয়টি কারখানার পরিদর্শনকাজ চলছে।
অ্যালায়েন্সের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, সদস্য কারখানাগুলোর ১৬ হাজার ৮২৪টি বৈদ্যুতিক ত্রুটির মধ্যে ১১ হাজার ৫৬৯টির সংশোধনকাজ শেষ। ৪ হাজার ৭৬৬টি বৈদ্যুতিক ত্রুটির সংশোধন চলছে। অগ্নিসংক্রান্ত ১৪ হাজার ১২২টি ত্রুটির মধ্যে সংশোধনকাজ শেষ হয়েছে ৮ হাজার ৮৫১টির। কাজ চলছে ৪ হাজার ৫৭০টি অগ্নিসংক্রান্ত ত্রুটির। এ ছাড়া ভবনের কাঠামোগত ৬ হাজার ৭০৭টি ত্রুটির মধ্যে সংশোধন হয়েছে ৩ হাজার ৩৩৪টি ত্রুটি।
কারখানাগুলোর বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত যেসব ত্রুটি দ্রুত সংশোধনে সর্বোচ্চ তাগিদ ছিল, সেসবের মধ্যে ৫৫ শতাংশ ত্রুটি সংশোধিত হয়েছে। এ ধরনের ৪১ শতাংশ ত্রুটির সংশোধনকাজ চলছে। তবে ৪ শতাংশ ত্রুটির সংশোধনকাজ এখনো শুরুই হয়নি। সব মিলিয়ে সংস্কারকাজের অগ্রগতির বিষয়ে ৪৩ শতাংশ কারখানা সঠিক পথেই আছে। ৩০ শতাংশ কারখানার সংস্কারকাজ যথাযথভাবে এগিয়ে নিতে হস্তক্ষেপ দরকার।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘অ্যালায়েন্স বলেছে, ৬৩ শতাংশ ত্রুটি সংস্কার শেষ। তবে আমি মনে করি, ৬৩ শতাংশের অনেক বেশি কাজ হয়েছে। হয়তো লোকবলের অভাবে সর্বশেষ ফলোআপ পরিদর্শনের তথ্য পরিসংখ্যান প্রতিবেদনটিতে তারা যুক্ত করতে পারেনি।’
অ্যালায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ কারখানায় শ্রমিক নিরাপত্তা কমিটি হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে অধিকাংশ কারখানায় এই কমিটি হয়ে যাবে।