২০১৯ সালে কন্টেইনার বহনে চাহিদা মেটাতে পারবে না চট্টগ্রাম বন্দর
২০১৯ সালে কন্টেইনার পরিবহনে দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যেই পায়রা গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বন্দরের চেয়ারম্যান রিয়্যাল অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে ২০১৫ সালে ২০ লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সাফল্য অর্জন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
নিজামুদ্দিন আহমেদ বলেন, চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে দেশে আমদানি ও রপ্তানি দিনদিন বাড়ছে। বর্তমানে যে হারে আমদানি-রপ্তানি বাড়ছে তাতে ২০১৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ সক্ষমতা ২৬ লাখে উন্নীত হবে। কিন্তু ওই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের চাহিদা দাঁড়াবে ৩০ লাখ। এই অতিরিক্ত চাহিদা পূরণে পায়রা গভীর সমুদ্রবন্দর চালু করতে হবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মাত্র চার বছরেই কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ১০ থেকে ১৫ লাখে উন্নীত হয়। আর এখন তা ২০ লাখে উন্নীত হয়েছে। সরকারের সার্বিক সহযোগিতার কারণেই এই সফলতা অর্জিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় প্রমুখ।