২০২০ এর শিক্ষা, ২০২১ এর প্রত্যাশা
২০২০-এর শিক্ষা ঝুঁকি ব্যবস্থাপনা
সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।
১. কেমন গেল ২০২০
২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং
৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর কারণে ২০২০ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হয়, যা চলে মে মাসের শেষ পর্যন্ত। সব মিলিয়ে মার্চের শেষ থেকে তিন মাসের বেশি সময় ধরে ব্যবসা-বাণিজ্য মোটামুটি স্থবিরই ছিল বলা যায়।
দেশে এমন পরিস্থিতি আর কখনো হয়নি। বেসরকারি খাতকেও এ ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। আপনারা জেনে থাকবেন যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) একটি বহুমাত্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চিনি, ভোজ্যতেল, সিমেন্ট, কাগজ, জাহাজ নির্মাণ, তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি), পানীয়, মোড়কজাতকরণ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে এমজিআইয়ের। আমাদের বিভিন্ন ব্যবসায় কোভিডের প্রভাব বিভিন্ন মাত্রায় পড়েছে।
কোভিড-পরবর্তী পৃথিবীর জীবনযাপন ও চাহিদায় অনেক পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্য ও সেবায় অনেক পরিবর্তন আনতে হবে।
রাসায়নিক, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাত করোনার সময়ে ব্যবসায়িকভাবে ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। আবার ভোগ্যপণ্যের ক্ষেত্রে ভোক্তাদের চাহিদা আগের তুলনায় কমে গেছে। তাই এ ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে। এ ছাড়া আমরা করোনা পরিস্থিতিতে চেষ্টা করেছি বাংলাদেশ সরকারের নীতিমালা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে। তবে সংকট মোকাবিলায় আমাদের নিত্যনতুন কৌশল নিতে হয়েছে এবং তা চলমান রয়েছে।
করোনাভাইরাস যে পরিস্থিতি তৈরি করেছে, তা আমাদের জন্য একেবারেই নতুন। এ বছরের সবচেয়ে বড় শিক্ষা হলো দীর্ঘমেয়াদি ব্যবসা পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব। এ বছরের শিক্ষা থেকে আমরা ভবিষ্যতে ব্যবসায়িক পরিকল্পনায় এ ধরনের ঝুঁকি কীভাবে আরও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়, তার কৌশল রাখব। একটা দিক হলো, ব্যবসা বহুমুখী হলে তা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। এ ছাড়া করোনা অথবা যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আপনার একটা বিকল্প পরিকল্পনা বা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে, যার মাধ্যমে আপনি এ সাময়িক সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। এ বিষয়গুলোয় আমরা আরও জোর দেব।
২০২০ সালে করোনা পরিস্থিতি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব কতটা, তা–ও শিখিয়েছে। করোনার শুরু থেকেই আমরা আমাদের অফিস ও কারখানায় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করি। এ অভ্যাস ও কার্যক্রম আমাদের এখন থেকে সব সময়ই মেনে চলতে হবে।
করোনাভাইরাসের কয়েকটি টিকার বিভিন্ন দেশে জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশেও টিকা চলে আসবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ভালো খবর। আমরা আশা করতে পারি, আসছে বছরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে।
কোভিড-পরবর্তী পৃথিবীর জীবনযাপন ও চাহিদায় অনেক পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্য ও সেবায় অনেক পরিবর্তন আনতে হবে। নতুন চাহিদা কী হতে পারে, আমরা তা পর্যালোচনা করছি এবং নতুন কিছু পণ্য ও সেবা নিয়ে কাজ করছি।
আগামী বছর হবে আমাদের ঘুরে দাঁড়ানোর বছর। করোনার কারণে যে বাধা সামনে এসেছিল, আগামী বছর আমরা তা পুরোপুরি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।