
গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক কর অব্যাহতির আবেদন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রায় ছয় মাস ধরে পড়ে আছে। গ্রামীণ ব্যাংক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য আয়কর, সুপার ট্যাক্স, ব্যবসায় মুনাফা করসহ শর্তহীনভাবে সব ধরনের কর অব্যাহতি চেয়েছে। এ বিষয়ে এনবিআর এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।
গত ১৬ এপ্রিল ধারাবাহিক কর অব্যাহতি চেয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের কাছে আবেদন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। কিন্তু গত ছয় মাসে এনবিআর কোনো সিদ্ধান্ত না দেওয়ায় সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চিঠি লিখে আবেদনটি পুনরায় বিবেচনার আবেদন জানান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক সব ধরনের কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। বছর শেষে এনবিআরে শুধু আয়-ব্যয় বিবরণী জমা দেয় প্রতিষ্ঠানটি। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কর অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে নতুন সিদ্ধান্তের খবর জানি না।’ এর বেশি তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, ‘আমি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। তাই গ্রামীণ ব্যাংক নিয়ে কিছু বলব না।’
উল্লেখ্য, বছর দুই আগে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছেন খন্দকার মোজাম্মেল হক। কিন্তু এখনো সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি সরকার। চেয়ারম্যান হিসেবে খন্দকার মোজাম্মেল হক এখনো দায়িত্ব পালন করছেন।
এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) কালিপদ হালদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়মিত কাজের অংশ। ব্যাংকটির আবেদন এখন প্রক্রিয়াধীন আছে। আশা করি, কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য শিগগিরই অর্থমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হবে।
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সেকশন ৩৩ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠানটিকে সব ধরনের কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারির পর থেকেই বিভিন্ন মেয়াদে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি তিন বছর পরপর এনবিআর প্রজ্ঞাপন জারি করে কর অব্যাহতির মেয়াদ নবায়ন করে থাকে।
২০১০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এভাবে চলেছে গ্রামীণ ব্যাংক। ওই বছর মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আবারও কর অব্যাহতির আবেদন করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পরও গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দেয়নি এনবিআর। এভাবেই ছয় মাস পার হয়। কিন্তু কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে কালক্ষেপণের কারণে ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংককে প্রায় ১০ কোটি টাকা কর দিতে হয়েছিল। পরে ২০১১ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়। ফলে কর হিসাবে দেওয়া সেই ১০ কোটি টাকা আর ফেরত পায়নি গ্রামীণ ব্যাংক।