কুমিল্লায় পোলট্রি খামারি ও উদ্যোক্তা সমাবেশ
২০২১ সাল পর্যন্ত পোলট্রি শিল্পকে করমুক্ত রাখার দাবি
বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) এক সমাবেশ থেকে আগামী ২০২১ সাল পর্যন্ত পোলট্রি শিল্প খাতকে করের আওতামুক্ত রাখার দাবি জানানো হয়েছে।
বিপিআইসিসি গতকাল শনিবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে সমাবেশটির আয়োজন করে। এতে কুমিল্লার ১৬টি উপজেলার ৫০০ খামারি যোগ দেন। বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিভিল সার্জন মো. মুজিবুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান।
বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান বলেন, পোলট্রি শিল্পের আয়ের ওপর করহার শূন্য থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং পোলট্রি ফিডের আয়ের ওপর কর ৩ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। হাঁস-মুরগির হ্যাচারির ক্ষেত্রে আরোপ রয়েছে ১০ শতাংশ কর। আবার পোলট্রি ফিডের অত্যাবশ্যকীয় কাঁচামাল ভুট্টা, সয়ামিল ও অয়েল কেক আমদানির ওপর শুল্কহার শূন্য থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। শুধু তাই নয়, আরোপ করা হয়েছে অগ্রিম কর (এআইটি) ও মূল্য সংযোজন করা (ভ্যাট)। এসব কর দেওয়া থেকে খামারিদের রক্ষা করতে হবে।