২০২১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব নয়
অর্থনীতির প্রবৃদ্ধিতে যতই উন্নতি হোক আর মাথাপিছু গড় আয় যতই বাড়ুক, ২০২৪ সালের আগে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোতে পারবে না বাংলাদেশ। আবার ২০২১ সালের মধ্যে ‘উচ্চ মধ্যম’ আয়ের দেশ হওয়ার প্রত্যাশাটিও বাস্তবসম্মত নয়।
অর্থনীতির যোগ-বিয়োগের হিসাব, স্বল্পোন্নত ও উচ্চ মধ্যম আয়ের হিসাবের আন্তর্জাতিক যে মানদণ্ড, সেগুলো বিশ্লেষণ করে এমন অভিমত তুলে ধরেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের করা ‘স্বল্পোন্নত দেশের প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন।
আঙ্কটাডের পক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি এ প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, বিশ্বের ৪৮টি দেশ নিয়ে জাতিসংঘ স্বল্পোন্নত দেশের যে তালিকা করেছে, বাংলাদেশ তা থেকে ২০২৪ সালের আগে বের হতে পারবে না। তবে ২০২৪ সালের মধ্যে তালিকা থেকে বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটিকে কাজে লাগাতে হলে মানবসম্পদ ও মাথাপিছু আয় সূচকের যেকোনো একটিতে উন্নতি ঘটাতে হবে। এ ক্ষেত্রে সিপিডির অভিমত, মানবসম্পদ সূচকে উন্নতিতে গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশের। সে জন্য অর্থায়নের নিশ্চয়তাসহ এখনই সরকারকে উত্তরণকালীন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সিপিডির পক্ষে আঙ্কটাডের প্রতিবেদনটি তুলে ধরেন সংস্থাটির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।
বিশ্বব্যাংকের হিসাবে, মাথাপিছু গড় আয়ের ভিত্তিতে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের পরিণত হবে। আবার কেউ কেউ বলছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্য মধ্যম আয়ের দেশ। আসলে বিষয়টি কী? এ নিয়ে অনুষ্ঠানে সাংবাদিকেরা সিপিডির কাছে জানতে চান।
জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশ্বব্যাংকের হিসাবে ‘মধ্য মধ্যম’ আয়ের দেশ বলে কিছু নেই। বরং মধ্যম আয়ের দেশের মধ্যে দুটি ভাগ আছে, একটি নিম্ন মধ্যম আয় আর অপরটি উচ্চ মধ্যম আয়। ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে মাথাপিছু গড় আয় বর্তমানের চেয়ে চার গুণ বৃদ্ধি করতে হবে। কিন্তু আগামী ছয় বছরের মধ্যে মাথাপিছু গড় আয় চার গুণ বৃদ্ধি করা প্রায় অসম্ভব।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রচারণাটি রাজনৈতিক স্লোগান হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু বাস্তবে সেটি অর্জন করা কঠিন।