২০২১ হবে ঘুরে দাঁড়ানোর বছর

সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।

  • ১. কেমন গেল ২০২০

  • ২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং

  • ৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দেখছি, গত ১০-১২ বছরে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। আকারও বেড়েছে বহুগুণ। অর্থনৈতিক উন্নয়নে অকল্পনীয় কিছু সাফল্য আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতির এ অগ্রগতির সঙ্গে তুলনা করলে দেখা যায়, শেয়ারবাজারের খুব বেশি বিস্তৃতি ঘটেনি। অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি আমাদের পুঁজিবাজার। বরং ক্ষেত্রবিশেষে উল্টো পথে হেঁটেছে। সেদিক থেকে আমাদের পুঁজিবাজারের বিকশিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়ে গেছে। তাই নতুন বছরটি পুঁজিবাজারের জন্য সম্ভাবনা বিকশিত হওয়ার বছর হবে বলে মনে করছি আমি।
করোনার মধ্যেও গত ছয়-সাত মাস আমরা শেয়ারবাজারে একধরনের ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। এ আস্থা ধরে রাখতে পারলে নতুন বছরে শেয়ারবাজার তার সম্ভাবনার পথে অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য বাজারের গভীরতা বাড়ানোর পাশাপাশি এটির বিস্তার এবং সামগ্রিকভাবে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই হবে। এ ছাড়া বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা যেমন ধরে রাখা যাবে না, তেমনি নতুন বিনিয়োগও আসবে না। পাশাপাশি বাজারে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আমাদের বাজারে এখনো ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর সংখ্যাই বেশি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করতে হলে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্বের সব বড় শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের প্রভাবই সবচেয়ে বেশি। কিন্তু আমাদের বাজারে এ খাতের অংশগ্রহণ খুব কম। আবার নানা কারণে এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থারও বড় ধরনের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি দূর করে এ খাতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সাইফুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এখনো আমাদের বাজারে বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ একেবারে কম। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে আমি মনে করি, পরীক্ষামূলকভাবে হলেও আমাদের বাজারে লেনদেনের জন্য কয়েকটি ট্রেক বা প্রাতিষ্ঠানিক সনদ ভালো মানের বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া উচিত। তাহলে তাদের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখাবেন। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার (ডিমিউচুয়ালাইজেশন) আরেকটি বড় উদ্দেশ্য ছিল বিদ্যমান ট্রেকহোল্ডারদের বাইরে নতুন কিছু ট্রেক ইস্যু করা। সেটি করতে না পারলে ডিমিউচুয়ালাইজেশনের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না।

আমাদের অর্থনীতি যেখানে চলে গেছে এবং শিল্পকারখানাগুলো করোনার ধাক্কা যেভাবে মোকাবিলা করেছে, তাতে আমি নতুন বছরে শেয়ারবাজার নিয়ে বেশ আশাবাদী। আমি আশা করছি, আগামী বছর আমরা শেয়ারবাজারে দৈনিক গড় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে দেখব।
সাইফুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সম্প্রতি আমরা দেখলাম, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দেশের ইউনিয়ন পর্যায় থেকে বিদেশে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ খোলার নীতিমালা করেছে। আমি মনে করি, এটি একটি ভালো পদক্ষেপ। অনেকেই মনে করেন, জেলা-উপজেলা পর্যায়ে ব্রোকারেজ হাউস ছড়িয়ে দেওয়া মানে শুধু কিছু আর্থিক লেনদেন হওয়া। সেটি যেমন, ঠিক তেমনি শেয়ারবাজারের বিস্তার না ঘটালে মানুষ এ বাজার সম্পর্কে জানবে কী করে? বর্তমানে এমন অনেক উপজেলা আছে, যেখানে স্থানীয়ভাবে মাঝারি মানের অনেক সফল শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তারা পুঁজির জন্য এখনো ব্যাংকনির্ভর। তাদের অনেকেই জানে না, শেয়ারবাজার থেকেও পুঁজি সংগ্রহ করা যায়। তাই শেয়ারবাজারকে ছড়িয়ে দেওয়া হলে তাতে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তারাও লাভবান হবেন।

আমরা দেখছি বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ভবিষ্যতের কথা মাথায় রেখে বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এটি খুবই আশাব্যঞ্জক উদ্যোগ। পুঁজিবাজারকে এগিয়ে নিতে হলে নিয়ন্ত্রক সংস্থাকেই সবার আগে ভবিষ্যৎ-মুখী পথ দেখাতে হয়। বাজারের সঙ্গে যুক্ত অন্যরা সেই পথ ধরে এগিয়ে যাবে। তবে সবার আগে দরকার বাজারে সব পর্যায়ে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা। কারণ, এটিই বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার মূলভিত্তি।

আমরা এ-ও দেখছি, করোনার কারণে দেশের শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা এরই মধ্যে কাটতে শুরু করেছে। সেটি খুবই আশাব্যঞ্জক দিক। বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে আমাদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল, সেটি কেটে গেছে। অর্থনীতির চাকা আবারও আগের মতো ঘুরতে শুরু করেছে। তার ইতিবাচক প্রভাবও আমরা শেয়ারবাজারে দেখছি।

আমাদের অর্থনীতি যেখানে চলে গেছে এবং শিল্পকারখানাগুলো করোনার ধাক্কা যেভাবে মোকাবিলা করেছে, তাতে আমি নতুন বছরে শেয়ারবাজার নিয়ে বেশ আশাবাদী। আমি আশা করছি, আগামী বছর আমরা শেয়ারবাজারে দৈনিক গড় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে দেখব। একই সঙ্গে সূচকেরও বড় একটি উত্থান দেখব বলে আশা রাখছি। ২০২১ সাল হবে শেয়ারবাজারে টার্নিং ইয়ার বা ঘুরে দাঁড়ানোর বছর।