
২০২২ সালের মধ্যে দেশের প্রায় সব গরিব মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নবজাতক শিশু থেকে শুরু করে ৯০ বছরের বেশি বয়সী গরিব মানুষ এ সুবিধা পাবেন। শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা মাসে অন্তত ৮০০ টাকা ভাতা পাবেন। তবে কর্মোপযোগী পুরুষেরা আর্থিক সহায়তার বদলে কাজের সুযোগ পাবেন। আর সব বয়সী প্রতিবন্ধীরা পাবেন মাসে অন্তত এক হাজার ৬০০ টাকা। এভাবে দরিদ্র মানুষের পুরো জীবনচক্রকে রাষ্ট্রীয়ভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে।
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের খসড়ায় এসব সুবিধা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। আগামী মাসে মন্ত্রিপরিষদ সভায় এ খসড়াটি চূড়ান্ত করা হবে। আগামী অর্থবছর থেকে দেশের অর্ধেক দরিদ্র মানুষ এ সুবিধা পাবেন। এ কৌশলপত্রের মেয়াদ ধরা হয়েছে ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত। এর পরের পাঁচ বছরের রূপরেখাও রয়েছে এ কৌশলপত্রে।
প্রথমবারের মতো এ ধরনের কৌশলপত্র তৈরি করছে সরকার। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) কৌশলপত্র খসড়া প্রণয়নে করছে। বর্তমানে তিন কোটি ৫৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
কৌশলপত্রের খসড়ায় একজন মানুষের জীবনচক্রকে গুরত্ব দিয়ে কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এ কৌশলপত্রের আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। মূলত দরিদ্রদের জীবনের প্রতিটি পর্যায়ে সামাজিক সুরক্ষা দেওয়া হবে। শিশু, কর্মোপযোগী নারী-পুরুষ, বয়স্ক—সবাইকে ভাতা কিংবা কাজের সুযোগ করে দেওয়া হবে। তবে চলমান কর্মসূচিগুলোও অব্যাহত থাকবে। এসব কর্মসূচির মেয়াদ আর বাড়বে না।
জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, দৈনিক ২১২২ ক্যালরি খাদ্য না পেলে একজন ব্যক্তি দরিদ্র হিসেবে চিহ্নিত হন। দৈনিক এ খাদ্যের সংস্থান করতে ওই ব্যক্তিকে মাসে এক হাজার ৬০০ টাকা খরচ করতে হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার এর অর্ধেক টাকা দেবে। বাকি অর্ধেক নিজেই সংস্থান করে নেবে। তিনি মনে করেন, মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে সীমিত সম্পদ দিয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে হবে। এ ক্ষেত্রে সরকার কিছুটা সহায়তা দেবে।
সামাজিক নিরাপত্তা কৌশলের অর্থের জোগান ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন। তাঁর মতে, কৌশল অনুযায়ী সামাজিক নিরাপত্তা দিতে প্রতিবছর খরচ বাড়াতে হবে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ক্রমশ না বেড়ে ওঠানামা করলে অর্থায়নে সমস্যা হবে। ঋণ করে এ খাতে অর্থের জোগান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাই কর ও জিডিপি অনুপাত বৃদ্ধির বিকল্প নেই। তিনি প্রশ্ন তোলেন, বর্তমানে চলমান কর্মসূচিগুলোর সঙ্গে কৌশলটির কীভাবে সমন্বয় করা হবে। এমনিতে চলমান কর্মসূচিগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।
জীবনচক্র: সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী দরিদ্র ও ঝুঁকিগ্রস্ত পরিবারের চার বছরের কম বয়সী শিশুদের জন্য ৮০০ টাকা দেওয়া হবে। তবে শর্ত থাকবে, প্রতি পরিবারে দুজন শিশুর বেশি এ সুবিধা পাবে না। ৭৫ লাখ দরিদ্র শিশু এ সুবিধার আওতায় আসবে। অন্যদিকে, দরিদ্র পরিবারের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গামী সব শিশু মাসে ৮০০ টাকা করে উপবৃত্তি বা সমপরিমাণ সুবিধা পাবে। এতে এক কোটি ৭৯ লাখ বিদ্যালয়গামী দরিদ্র শিশু উপকার পাবে। এর পাশাপাশি প্রতিবন্ধী সুবিধা, বিদ্যালয়ে খাবার ব্যবস্থা, এতিমদের জন্য বিশেষ কর্মসূচিও থাকবে।
১৯ থেকে ৫৯ বছর বয়সী কর্মোপযোগী দরিদ্র নারী-পুরুষদের জন্য আর্থিক সহায়তা কিংবা কাজের সুযোগ করে দেওয়া হবে। পুরুষদের ক্ষেত্রে শিক্ষা সমাপ্ত ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কর্মসূচি নেওয়া হবে। আর বেকারদের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি থাকবে। তবে পুরুষদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে না।
অন্যদিকে বিধবা, তালাকপ্রাপ্ত, দুস্থ, একক মাতা, বেকার একক নারীদের মাসে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে। এ ছাড়া মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে বিনা মূল্যে চিকিৎসা ও অর্থ সহায়তা দেওয়া হবে। এভাবে ৩২ লাখ দরিদ্র নারীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা পাবেন। আর নারী-পুরুষ নির্বিশেষে বেকার, মাতৃত্ব, অসুস্থতা ও দুর্ঘটনা বিমা চালুসহ জাতীয় সামাজিক বিমা কর্মসূচির জন্য আইন প্রণয়ন করা হবে।
সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে বেসরকারি খাতের চাকরিজীবীদের পেনশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পেনশনভোগীরা মাসে কমপক্ষে ৮০০ টাকা পাবেন। অন্যদিকে শিশু, বয়স্কসহ সব বয়সী প্রতিবন্ধীরা মাসে ১ হাজার ৬০০ টাকা ভাতা পাবেন। আর ৯০ বছর বয়সী সব নাগরিক মাসে তিন হাজার টাকা পাবেন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, হিজড়া, চা-বাগানের শ্রমিক, এইডসে আক্রান্ত মানুষের জন্য বিশেষ কর্মসূচি থাকবে। পরিবেশজনিত বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্তদের জন্যও বিশেষ কর্মসূচি নেওয়ার প্রস্তাব করা হয়েছে কৌশলপত্রে।
বিনিয়োগ: কৌশলপত্রে কী পরিমাণ বিনিয়োগ করতে হবে, তার একটি চিত্র দেওয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে মোট সাড়ে ৩৬ হাজার কোটি টাকা খরচ করা হবে। প্রতিবছর এ খরচের পরিমাণ বাড়ানো হবে। ২০২১-২২ অর্থবছরে মোট সাড়ে ৬৬ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে।
কৌশলপত্রে আরও বলা হয়েছে, ২০২১ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো তদারকি করে থাকে। ২০২২ সালে এ তদারকির জন্য পৃথক একটি সংস্থা। এর নাম হবে সামাজিক নিরাপত্তা সংস্থা।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের সামাজিক নিরাপত্তায় ১৪৫টি কর্মসূচি রয়েছে। এগুলো বাস্তবায়ন করছে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ।