২০২৫ পর্যন্ত কর অবকাশ দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন মাসের পর পোলট্রিশিল্পের কর অবকাশ-সুবিধা শেষ হয়ে যাচ্ছে। নতুন করে আবারও সংকটে পড়তে যাচ্ছে সম্ভাবনাময় এই খাত। তাই আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে পোলট্রিশিল্পের দাবিদাওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মনজুর মোরশেদ খান।মনজুর মোরশেদ খান বলেন, বিভিন্ন কারণে পোলট্রিশিল্পে এখন দুর্দিন চলছে। এই খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে ২০২৫ সাল পর্যন্ত কর অবকাশ-সুবিধা বহাল রাখা উচিত। এতে এই শিল্প টিকে থাকার পাশাপাশি দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।মনজুর মোরশেদ আরও বলেন, ব্যাংকঋণ নিয়ে খামার করেছেন কিন্তু এখন এভিয়ান ভাইরাস ইনফ্লুয়েঞ্জার কারণে খামার বন্ধ করে দিয়েছেন, এমন ক্ষতিগ্রস্ত খামারিদের ঋণের সুদের হার মওকুফের পাশাপাশি পুনঃ তফসিল করার ব্যবস্থা করা উচিত। আর নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত খামারিদের অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা, তাঁরা এই খামার করতে অভিজ্ঞ, তাঁরা আবার এই শিল্পে ফিরে আসবেন। তিনি মনে করেন, পোলট্রিশিল্পের জন্য ব্যাংক সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা উচিত। মনজুর মোরশেদ আরও বলেন, বর্তমানে পোলট্রিশিল্পের জন্য পিলেটেড খাবারের ওপর শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), অগ্রিম আয়কর প্রযোজ্য আছে। কিন্তু পোলট্রিশিল্পের ব্যবহূত ৯০ শতাংশ পিলেটেড খাদ্য প্রস্তুত হয়। এতে খামারিদের ৩০ শতাংশ ব্যয় বেড়ে যায়। তাই এই পিলেটেড খাদ্যের ওপর এ ধরনের শুল্ক, মূসক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করা দরকার।এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধক সম্পর্কে তিনি আরও বলেন, এই প্রতিরোধকসামগ্রী আমদানি করতে শুল্ক, মূসক, অগ্রিম আয়করসহ মোট ৭৮ শতাংশ করারোপ হয়। এই প্রতিরোধকসামগ্রী আমদানিতে শুল্ক ও মূসক প্রত্যাহার করা উচিত। পাশাপাশি আমদানিযোগ্য সব যন্ত্রপাতির ওপর শুল্ক ও মূসক প্রত্যাহার করা উচিত।মনজুর মোরশেদ বলেন, আগামী বাজেটে পোলট্রিশিল্পের জন্য কর অবকাশ-সুবিধা না দিলে এই খাতটি আবারও সংকটের মুখে পড়বে। গত কয়েক বছরে এই শিল্পে প্রায় ১০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। এখন দরকার শ্রমঘন এই শিল্প টিকিয়ে রাখার সরকারি পদক্ষেপ। তাই ক্ষতিগ্রস্ত অভিজ্ঞ খামারিদের ফিরিয়ে আনতে হবে।