বাজেট ২০১৩-১৪: কৃষি প্রক্রিয়াকরণ খাতে রপ্তানি ভর্তুকি ৩০% করার প্রস্তাব
২০২৫ সাল পর্যন্ত কর মওকুফ চান পোলট্রি খাতের উদ্যোক্তারা
২০২৫ সাল পর্যন্ত আয়ের ওপর কর মওকুফ চান দেশের পোলট্রিশিল্পের উদ্যোক্তারা। তাঁরা মনে করেন, এ শিল্প টিকিয়ে রাখা এবং জনগণের আমিষের ঘাটতি মেটানোর পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির জন্য এই কর-সুবিধা দেওয়া প্রয়োজন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০১৩-১৪ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনার প্রথম দিন গতকাল মঙ্গলবার এ দাবি জানিয়েছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ খান।আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে গতকাল থেকে প্রাক্-বাজেট আলোচনা শুরু করেছে এনবিআর। এরই অংশ হিসেবে প্রথম দিন পোলট্রি এবং কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করা হয়। দুটি সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।অপর সভায় কৃষি প্রক্রিয়াকরণ খাতের উদ্যোক্তারা রপ্তানি ভর্তুকি-সুবিধা ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করার দাবি করেছেন। তাঁরা বলছেন, টাকার বিপরীতে ডলারের দর কমে যাওয়ায় বিপুল পরিমাণ রপ্তানি আয় থেকে বঞ্চিত হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা।গোলাম হোসেন সংগঠনগুলোর প্রস্তাব বাজেটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পর্যালোচনা করে বিবেচনার আশ্বাস দিয়েছেন।আলোচনায় এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ ও ফরিদ উদ্দিন, প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামাণিক, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।পোলট্রি খাত: আলোচনায় পোলট্রি খাতের উদ্যোক্তারা এ খাতের আমদানিযোগ্য সব উপাদানের ওপর থেকে শুল্ক, মূসকসহ যাবতীয় কর প্রত্যাহারের প্রস্তাব জানান। এ ছাড়া আরও কিছু নতুন পণ্যকে শুল্ক ও ভ্যাটের আওতা থেকে অব্যাহতি দেওয়া, দেশে তৈরি পিলেটেড খাদ্যের আয়কর মওকুফ সুবিধা আবার বলবত্ করা (গত বাজেটে বাতিল করা হয়), দেশীয় শিল্প রক্ষায় এই খাদ্যের আমদানি শুল্ক বাড়ানো, ব্রিডার খামারির কৃত্রিম প্রজননের যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান কর কমানোর প্রস্তাব করেন উদ্যোক্তারা।মনজুর মোরশেদ খান বলেন, বার্ড ফ্লুর কারণে দেশের দেড় লাখ খামার এখন অর্ধেকে নেমে এসেছে। ৬০ লাখ লোকের কর্মসংস্থানও কমে অর্ধেকে এসেছে। এতে ডিমের উত্পাদন ৪০ শতাংশ এবং মুরগির উত্পাদন ৩৫ শতাংশে নেমে এসেছে।আবদুল হক বলেন, ‘পোলট্রি খাতের জন্য ইউরোপের দেশগুলো যদি ভর্তুকি দেয়, তাহলে আমাদেরও এ চিন্তা করা দরকার।’ কৃষি প্রক্রিয়াকরণ: বাংলাদেশ অ্যাগ্রো ফুড প্রসেসরস অ্যাসো-সিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘গত দুই মাসে ডলারের দাম প্রায় পাঁচ টাকা কমে গেছে। ডলারের মূল্য কমে যাওয়ায় রপ্তানি আয়ও কমে গেছে। যেসব প্রতিষ্ঠান মাসে গড়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার মূল্যের পণ্য রপ্তানি করেন, মূল্য হ্রাসের কারণে তাঁরা বিশাল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। সে কারণে আগামী অর্থবছরে রপ্তানি ভর্তুকি বাড়ানো প্রয়োজন।’বাপার অন্য প্রস্তাবের মধ্যে আছে, এ খাতের বিদ্যমান ৩৭ দশমিক ৫০ শতাংশ করপোরেট কর প্রত্যাহার, আমদানি পণ্যের অগ্রিম কর (এআইটি) ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা, দেশীয় ফলের জুসের ওপর থেকে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার, দেশীয় ডেইরি ফার্মের গুঁড়া দুধের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, যেসব কৃষি পণ্যে শুল্ক আছে, সেগুলোর মূসক (ভ্যাট) প্রত্যাহার ও মূসক থাকলে শুল্ক প্রত্যাহার, মোট উত্পাদনের ৫ শতাংশ নমুনা (স্যাম্পল) হিসেবে ব্যবহার করা হলে তা মূসকমুক্ত রাখা।