২০৩০ নাগাদ তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। আন্তর্জাতিক হিসাবরক্ষণ-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লন্ডনভিত্তিক বিখ্যাত এই প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতের তরুণ জনশক্তি দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে ২০৩০ সালের মধ্যে তৃতীয় অবস্থানে নিয়ে আসবে। ২০১৩ সালে ভারত ছিল দশম অবস্থানে। আর এই সময়ে যুক্তরাজ্য চলে যাবে ষষ্ঠ অবস্থানে।
২০৩০ সাল নাগাদ ভারতের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৬.১ ট্রিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে যুক্তরাজ্যের জিডিপি হবে ৪ ট্রিলিয়ন ডলার।
পিডব্লিউসি তাদের সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে জানিয়েছে, ‘ভবিষ্যতে যে কোনো বর্ধনশীল বাজার যুক্তরাজ্যকে ছাড়িয়ে যেতে পারে। তবে আমাদের ধারণা হলো, কেবল ভারত ২০৩০ সালের আগেই যুক্তরাজ্যকে ছাড়াবে।’
অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমিয়ে আনবে। একই সময়ের মধ্যে কানাডা ও ইতালিকে পেছনে ফেলে দশম অবস্থানে উঠে আসতে পারে মেক্সিকো। এমনই আশা করা হচ্ছে পিডব্লিউসির প্রতিবেদনে।
মাত্র কয়েক বছর আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, দ্বিতীয় শ্রেণির অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ব্রিটেন। অদূর ভবিষ্যতে ব্রিক দেশ হিসেবে পরিচিত ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের কাতারে চলে আসবে দেশটি।
প্রায় এক দশক ধরে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানের ওপরে অবস্থান করছে চীন।
এনডিটিভির এক খবরে বলা হয়, ব্রিটেনের অবস্থান হারানোর জন্য ব্যাংকিং সংকট ও বৈশ্বিক মন্দাকে দায়ী করছে পিডব্লিউসি। তবে গত বছরের শুরু থেকে মন্দা অবস্থা থেকে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ব্যাংকগুলো আবার ঋণ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
দ্রুত বর্ধনশীল বাজারগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আবারও কাঠামোগত সংস্কারের জন্য যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে পিডব্লিউসি।