২০৪১ ও ১৬৬৬৬ নম্বরের শর্টকোড পেল আইসিটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে সরকারের উন্নয়নকাজ প্রচারের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগকে ২০৪১ ও ১৬৬৬৬ নম্বরের দুটি শর্টকোড বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসি সূত্রমতে, আইসিটি বিভাগ ২০২১ ও ২০৪১ শর্টকোডের জন্য আবেদন করেছিল। ২০৪১ শর্টকোডটি দেওয়া হলেও গুরুত্ব বিবেচনায় ২০২১ নম্বরের পরিবর্তে ১৬৬৬৬ শর্টকোড পেল আইসিটি বিভাগ।
এর আগে আইসিটি বিভাগ বিটিআরসির কাছে ১৯৭১ ও ২০২১ শর্টকোড চেয়ে আবেদন করলেও তা পায়নি। পরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে গত বছরের ডিসেম্বরে ২০২১ ও ২০৪১-এর জন্য আবেদন করে আইসিটি বিভাগ।
১৯৭১ শর্টকোডটি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে (সিআরআই) আগে থেকেই বরাদ্দ দিয়ে রেখেছে বিটিআরসি। ফলে এই নম্বরটি আইসিটি বিভাগকে দেওয়ার কোনো সুযোগ ছিল না।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০২১ নম্বরটি কমিশন এখনই বরাদ্দ দিতে চায় না, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগকে এখনো কোনো শর্টকোড দেওয়া হয়নি। এই নম্বরটিকে তাই সরকারের এমন বড় কোনো কাজের জন্য রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে।