২০৫০ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ: গভর্নর
২০৫০ সালে বাংলাদেশ উন্নত দেশের সারিতে পৌঁছাবে। ২০২১ সালে নিম্ন মধ্যম এবং ২০৩০ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর ওই কাতারে যাবে বাংলাদেশ। সরকারের এমন ভিশন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিশ্ব বিপণন সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার একক বক্তৃতা অধিবেশনে গভর্নর এসব কথা বলেন।একটি গবেষণার তথ্য উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘আমরা যদি ৭ দশমিক ৫ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তাহলে ২০৫০ সালে আমরা উন্নত দেশের সারিতে পৌঁছাতে সক্ষম হব।’ তবে এ জন্য অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা, দক্ষ জনশক্তি গড়ে তোলাসহ কয়েকটি বিষয়ে নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সত্তরের দশকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ১ শতাংশ, আশির দশকে ৩ দশমিক ২ শতাংশ। এখন প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাড়ে ৬ শতাংশের ওপরে। তিনি বলেন, গত ৪০ বছরে দেশের নামিক প্রবৃদ্ধি হয়েছে ৮০ শতাংশ। কিন্তু এই সময়ে জনসংখ্যা বেড়েছে মাত্র দ্বিগুণ। ১৯৯০ সালে দেশের দারিদ্র্যের হার যেখানে ছিল ৫৭ শতাংশ, সেখানে তা নেমে এসেছে ৩০ শতাংশে।আতিউর রহমান জানান, চলতি বছর দেশে পাঠানো প্রবাসী-আয় বেড়েছে ১১ শতাংশ এবং রপ্তানি বেড়েছে ৫৭ শতাংশ।বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক (ফাইনান্সিয়াল ইনক্লুসিভ) কৌশল নিয়েছে মন্তব্য করে গভর্নর বলেন, ‘আগে মুদ্রানীতি অনেক গোপনীয় বিষয় ছিল। কিন্তু সেটাকে এখন অংশীদারিমূলক নীতিতে পরিণত করা হয়েছে।’বাংলাদেশ ব্যাংক ই-কমার্স ও কৃষিঋণের ওপর গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করে আতিউর রহমান বলেন, বর্তমানে দেশের ব্যাংকগুলোর মোট ঋণের আড়াই শতাংশ বাধ্যতামূলক কৃষি খাতে বিতরণ করতে হয়।কৃষকদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব চালুর বিষয়টি উল্লেখ করে গভর্নর জানান, সারা দেশে ইতিমধ্যে ৯০ লাখ ৫০ হাজার কৃষক এই হিসাব খুলেছেন।ব্যাংকে হিসাব খুলতে গিয়ে কিংবা অন্য কোনো কাজে গ্রাহকেরা হয়রানির শিকার হলে তাঁদের বাংলাদেশ ব্যাংকের কাস্টমার প্রটেকশন সেলে (গ্রাহকের স্বার্থ সংরক্ষণ) যোগাযোগ করার অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের গর্ভনর।