২১ দিন পর গুদাম খুলে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার পরিমাপ শেষে ২১ দিন পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা বা জেএফসিএলের গুদাম (বাল্ক গোডাউন) খুলে দেওয়া হয়েছে। কারখানা সূত্র জানায়, গত ২ ডিসেম্বর জেএফসিএল পরিদর্শনে আসেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। এ সময় তিনি কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব ও উপব্যবস্থাপক (বিক্রয়) গোকুল চন্দ্র সাহার কাছে গুদামে থাকা খোলা সারের সঠিক পরিমাণ জানতে চান।কিন্তু এই দুই কর্মকর্তা সারের হিসাব দিতে না পারায় প্রতিমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে গোকুল চন্দ্রকে বরখাস্ত করা হয়। পরদিন কারখানার গুদাম সিলগালা করে দেওয়া হয়। এক দিন পর অচিন্ত্য কুমারকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার কারিগরি ও প্রকৌশল বিভাগে প্রত্যাহার করে নেওয়া হয়। গুদামের খোলা সার পরিমাপের জন্য শিল্প মন্ত্রণালয় ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনসুর আলী শিকদারকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে। এর দুই দিন পর কমিটির সদস্যরা সার পরিমাপ করে পুনরায় গুদাম সিলগালা করে দেন। তদন্ত কমিটির সদস্যরা জানান, জেএফসিএলের গুদামে ৩৯ হাজার ৪৪৭ মেট্রিক টন খোলা সার মজুদ আছে। তবে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান গত রোববার গুদামের সিলগালা খুলে দেন। বিষয়টি নিশ্চিত করে কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (নির্মাণ) মোছাব্বেরুল ইসলাম জানান, সার পরিমাপ শেষে গুদাম খোলা হয়েছে।