২১০০ সালে দেশের ক্ষতি হবে জিডিপির ৯ শতাংশ
জলবায়ু পরিবর্তনজনিত কারণে এই শতাব্দীর শেষ নাগাদ প্রতিবছর বাংলাদেশের অর্থনীতির ৯ শতাংশ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিরূপণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিযোজন’ শীর্ষক প্রতিবেদনে এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে এডিবি। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এডিবির ভাইস প্রেসিডেন্ট বিন্দু লোহানী বিশেষ অতিথি ছিলেন।
এডিবি বলছে, বর্তমান অবস্থা চলতে থাকলে ২০৫০ সালে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ২ শতাংশ। আর ২১০০ সালে তা বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশে। তবে বৈশ্বিক জলবায়ু প্রশমন পদক্ষেপগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই ক্ষতি ২ শতাংশের একটু ওপরে আটকে রাখা সম্ভব হবে।
এডিবির প্রতিবেদন বলছে, বাংলাদেশের মোট শ্রমশক্তির অর্ধেকই কৃষি খাতে নিয়োজিত। অত্যধিক বন্যা, ঘূর্ণিঝড়, খরা, দাবদাহ, উত্পাদন মৌসুমের সময় কমে যাওয়ার মতো কারণে চাল, গম ও আলুর উত্পাদন বর্তমান সময়ের চেয়ে দুই-তৃতীয়াংশ কমে যেতে পারে। এটি খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। দেশের ৪৭ হাজার বর্গকিলোমিটারের বেশি উপকূলীয় অঞ্চলে ৩ কোটি ৬০ লাখের বেশি মানুষ বাস করে। তাদের এখনকার চেয়ে বেশি ঝড়ের মুখোমুখি হতে হবে। আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, তাতে প্রচুর জমি ভাঙনের শিকার হয়ে বিলীন হয়ে যাবে। কিছু জমির মাটিতে লবণাক্ততা বাড়বে। ফলে উত্পাদন মারাত্মকভাবে কমে যাবে।
আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি ১ মিটার বাড়ে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে খুলনা বিভাগের। সেখানকার একটি বড় অংশই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ঢাকা বিভাগের ১৪ শতাংশ জায়গা তলিয়ে যাবে। ফলে জনবহুল ঢাকা বিভাগের মানুষ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। জলবায়ুর বিরূপ আচরণের কারণে বন, জলাভূমি এবং বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ছাড়াও প্রতিবেদনে ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার জলবায়ু পরিবর্তনজনিত আর্থিক ক্ষতির বিষয়টি তুলে আনা হয়েছে। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২১০০ সালে নেপালের জিডিপির ৯ দশমিক ৯, ভুটানের ৬ দশমিক ৬, ভারতের ৮ দশমিক ৭, মালদ্বীপের ১২ দশমিক ৬ এবং শ্রীলঙ্কার ৬ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হবে।