২১৬৯ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার ১৬৯ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৪৬৬ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৬৬৮ কোটি টাকা। এর বাইরে জেডিসিএফের ৩৫ কোটি টাকা রয়েছে।গতকাল মঙ্গলবার একনেকের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। একনেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এক হাজার ১৪৩ কোটি টাকার দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ছয়টি বিভাগের ৮৬টি উপজেলার সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে। প্রতি শিক্ষার্থীকে ৭৫ গ্রাম ফর্টিফাইড বিস্কুট দেওয়া হবে। শিশুরা যেন স্কুল ত্যাগ না করে এবং পুষ্টিকর খাবার পায়, তা নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। একনেক অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাঁত কাপড়ের জন্য একটি উন্নয়ন কেন্দ্র এবং ১২৭ কোটি টাকার চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প; বিদ্যুৎ বিভাগের অধীনে ৩৯৩ কোটি টাকার পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম-১ প্রকল্প, ২৫৩ কোটি টাকার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটের পুনর্বাসন ও আধুনিকায়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত প্রস্তাব); যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৭১ কোটি টাকার আইসিসি বিশ্বকাপ ২০১১ বাংলাদেশে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন (সংশোধিত) প্রকল্প এবং ১৪৬ কোটি টাকার অবশিষ্ট ১১টি জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন। একনেক সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।