২২ দেশকে তথ্য দেবে সুইজারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান, ভারতসহ ২২টি দেশকে তাদের নাগরিকদের সুইস ব্যাংকে অর্থ রাখার বিস্তারিত তথ্য দেবে সুইজারল্যান্ড। দেশটি ২০১৮ সালের মধ্যে চুক্তি সইয়ের আওতায় এসব দেশকে তথ্য সরবরাহ করবে।
অন্য যেসব দেশের সঙ্গে চুক্তি করবে সুইজারল্যান্ড, সেগুলো হচ্ছ—অ্যান্ডোরা, আর্জেন্টিনা, বারবাডোস, বুরুন্ডি, ব্রাজিল, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, গ্রিনল্যান্ড, ভারত, ইসরায়েল, মরিশাস, মেক্সিকো, মোনাকো, নিউজিল্যান্ড, স্যান ম্যারিনো, রিপাবলিক অব সিসেলস, দক্ষিণ আফ্রিকা, টার্কস অ্যান্ড কায়কোস আইল্যান্ডস, উরুগুয়ে এবং আরও দুটি দেশ।
পাকিস্তানের দ্য নেশন ডট কম গতকাল এই তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, চুক্তি অনুযায়ী সুইজারল্যান্ড ওই সব দেশের নাগরিকদের সুইস ব্যাংকে রাখা অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য দেবে। এসব নাগরিকদের নাম, ঠিকানা ও জন্মতারিখসহ সুইস ব্যাংকে খোলা হিসাব নম্বর ও জমা রাখা অর্থের পরিমাণ, সুইজারল্যান্ডে দেওয়া কর নম্বর, জমা অর্থের বিপরীতে নেওয়া সুদ বা লভ্যাংশ ও বিনিয়োগের পরিমাণ, বিমার বিপরীতে পাওয়া প্রিমিয়াম ইত্যাদি তথ্য সরবরাহ করা হবে।
এ ধরনের তথ্য পাওয়ার জন্য কিছু দেশ ইতিমধ্যে সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ সেরে ফেলেছে।