চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়কালে বিদেশে বাংলাদেশের ২২টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আম্মান, লন্ডন, রোম, ত্রিপোলি, টোকিও, বেইজিংসহ ২২টি মিশন তাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মিশনগুলো থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় হয়েছে এক হাজার ৩৯১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এটি এই সময়কালে এক হাজার ৪৫৬ কোটি ৯৭ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ দশমিক ৪৩ শতাংশ কম। কিন্তু তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ দশমিক ২৮ শতাংশ বেশি। ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের ২২টি মিশন থেকে ৪৩৮ কোটি ৫৮ লাখ ডলার আয় হয়েছে, যা একই সময়ের ৪০১ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ২৪ শতাংশ বেশি। এ ছাড়া এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩৩ দশমিক ৫১ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম মিশনগুলো হচ্ছে: আম্মান, লন্ডন, রোম, ত্রিপোলি, টোকিও, বেইজিং, দোহা, কলম্বো, ব্রাসেলস, মাসকট, সিঙ্গাপুর, মাদ্রিদ, সিউল, ব্রুনাই, প্রিটোরিয়া, নাইরোবি, দুবাই, থিম্পু, কুয়ালালমপুর, মস্কো, মানামা ও ইয়াঙ্গুন।অন্যদিকে যে ২২টি মিশন এবার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সেগুলোর মধ্যে ১৩টি মিশন গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেশি করেছে। তবে এবারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সেগুলো হলো: ওয়াশিংটন, প্যারিস, নয়াদিল্লি, বার্লিন, কুয়েত, হংকং, ব্যাংকক, ক্যানবেরা, রাবাত, অটোয়া, রিয়াদ, জাকার্তা ও স্টকহোম। তবে নয়টি মিশনের রপ্তানি আয় চলতি অর্থবছরের সাত মাসের লক্ষ্যমাত্রা ও গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়—উভয় ক্ষেত্রেই কমেছে। এগুলো হলো: হাগ, হ্যানয়, তাসখন্দ, কাঠমান্ডু, আংকারা, ম্যানিলা, ইসলামাবাদ, তেহরান ও কায়রো।এই ২২টি মিশন থেকে ৭৭১ কোটি ১৪ লাখ ডলার আয় হয়েছে, যা একই সময়ের ৮৬৬ কোটি ১৬ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১ শতাংশ কম। তবে তা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৬ দশমিক ৬১ শতাংশ বেশি।